কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সদর উপজেলা যুবদলের সহসভাপতি কামাল আহমেদ বিপুল (৩২)। বিএনপি এ ঘটনার জন্য ছাত্রলীগ ও তরুণ লীগকে দায়ী করেছে। হত্যায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী রোববার কুড়িগ্রামে অর্ধবেলা হরতালের ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শহরের পাওয়ার হাউসপাড়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে তিনি মারা যান।বিপুল কুড়িগ্রাম পৌরসভার খলিলগঞ্জ কালে মৌজার মকবুল হোসেনের ছেলে। তিনি ন্যাশনাল সার্ভিসের আওতায় প্রশিক্ষণ নিয়ে কুড়িগ্রামের একটি মাদ্রাসায় কাজ করতেন।পরিবারের সদস্যরা জানায়, ময়নাতদন্ত শেষে আজ রাতে লাশ ঢাকা থেকে কুড়িগ্রামে নিজ বাড়িতে আনার কথা। কাল শনিবার সকাল নয়টায় প্রথম জানাজা হবে জেলা বিএনপির কার্যালয়ে। পরে সকাল ১০টায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।আজ সকালে খলিলগঞ্জ বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন লাগিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুবদলের নেতা মাজেদুল ইসলাম ও আজাহারুল ইসলাম।নিহত বিপুলের বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভিড়। বিপুলের স্ত্রী ইশরাত জাহান ইলা একমাত্র মেয়ে তামান্না তাবাসসুমকে (৪) বুকে জড়িয়ে ধরে বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তাঁকে সান্ত্বনা দিচ্ছে আত্মীয়স্বজনেরা।আজ বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট-ফুলবাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ নিহতের বাড়িতে দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।পরে বিএনপির নেতারা খলিলগঞ্জ বাজারে গিয়ে সড়ক অবরোধকারী লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।এ সময় পৌর মেয়র নূর ইসলাম প্রথম আলোকে বলেন, বিপুলের হত্যাকারীরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে প্রতিবাদে রোববার অর্ধদিবস হরতালসহ তিন দিনের কর্মসূচি গ্রহণ করবে জেলা বিএনপি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কেউ নন।আওয়ামী লীগের নেতা সাংসদ জাফর আলী বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তরুণ লীগ বলে আমাদের দলে কিছু নেই।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার পরপর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করেছে পুলিশ।