কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে রেখেছে। এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ক্ষুব্ধ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে একজন কলেজশিক্ষকসহ পাঁচ ছাত্র আহত হয়েছেন। আজ শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অবরোধ চলছে। এ কারণে ওই সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ আছে। আহতদের কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একজনের অবস্থার অবনতি ঘটায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানায়, কুড়িগ্রাম সরকারি কলেজের মমিনুল ইসলাম মমিন গতকাল সকাল নয়টার দিকে সাইকেলে করে কুড়িগ্রাম পৌর বাজার আসছিল। এসময় কুড়িগ্রাম-চিলমারী সড়কে কুড়িগ্রাম জজকোর্ট মোড়ে একটি বাস পিছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং পরে বেলা দুইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ ভোর চারটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ সকাল নয়টার দিকে কুড়িগ্রাম কলেজের ছাত্ররা ভোকেশনাল মোড় থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ গেট এলাকা পর্যন্ত গাছের গুঁড়ি, বাঁশ ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কয়েক দফায় এ রাস্তার দুই পাশের প্রায় ২৫টি দোকানে তারা ভাঙচুর চালায়। দোকানের মালামাল রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে।কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন জানান, বেলা একটায় কলেজ ক্যাম্পাসে প্রশাসন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার বৈঠক শুরু হয়েছে। বৈঠক এখনো চলছে। নিহত মমিনুল ইসলাম মমিন কুড়িগ্রাম সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তিনি উলিপুর উপজেলার রেলগেট-সংলগ্ন জোনাইডাঙ্গা গ্রামের আছর উদ্দিনের ছেলে। আজ দুপুর ১২টায় তাঁর লাশ জোনাইডাঙ্গা গ্রামে পাঠানো হয়েছে।