কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার রাতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ভিটা এলাকায় গতকাল রাত আটটার দিকে নাগেশ্বরীগামী মালবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে খাদে পড়ে যায়। গুরুতর আহত অটোরিকশার যাত্রী অনাথ চন্দ্র বর্মণকে (২৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের মধ্যকুমরপুর গ্রামে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নাগেশ্বরী উপজেলা আশার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় রেদওয়ান (৮) নামে এক শিশুকে নাগেশ্বরীগামী একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেদওয়ান আশার মোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। নাগেশ্বরী থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে।