কুড়িগ্রামে ১৪ শিক্ষার্থী নার্স সোয়াইন ফ্লুতে আক্রান্ত
কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের অসুস্থ শিক্ষার্থী নার্সদের মধ্যে ১৪ জনের শরীরে সোয়াইন ফ্লু ভাইরাস এইচ১এন১ পাওয়া গেছে। তবে এতে ভয়ের কোনো কারণ না থাকলে আক্রান্তদের অন্যদের থেকে আলাদা রাখতে বলা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার রাতে কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগকে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। জানা যায়, ১০ এপ্রিল রাত থেকে ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী নার্স হঠাত্ জ্বর, মাথাব্যথা, কাশি, বমি, গলা ব্যথা ও পেটের পীড়ায় আক্রান্ত হয়। ক্রমে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়। পরিস্থিতি মোকাবিলায় ইনস্টিটিউটের ক্লাসরুমকে অস্থায়ী ওয়ার্ড বানিয়ে জরুরি চিকিত্সা দেওয়া হচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বৃহস্পতিবার কুড়িগ্রামে যায়। শুক্রবার রাত পর্যন্ত দলটি অসুস্থ সবার কফ, মুখের লালা, সর্দি, রক্ত সংগ্রহ করে ঢাকায় নিয়ে যায়। এরপর পরীক্ষা-নিরীক্ষায় সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া যায়। এদিকে প্রশিক্ষণার্থী নার্সদের ক্লাস, পরীক্ষা ও হাসপাতালের ডিউটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।