বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম ২৭ রাইফেল ব্যাটালিয়নের ৫০ জওয়ানের বিচারকাজ আদালত আগামী ৩ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মুলতবি করেছেন। এর আগে এই আসামিদের আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আজ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এ এই বিচারকাজ অনুষ্ঠিত হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়, ঠাকুরগাঁওয়ের ২০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মাহফুজ আলম ও রংপুর সেক্টর সদর দপ্তরের কর্মকর্তা মেজর দিদার-আল-লতিফ। স্পেশাল প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মিঠু ও মোখলেছুর রহমান। আদালতে প্রসিকিউটর লেফটেনেন্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। গতকাল ৫০ বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। আদালত জেলহাজতে থাকা ৩৪ জন এবং বাকি ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে অধিনায়কের নির্দেশ অমান্য, অনুমতি ছাড়া বেআইনি ও অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ লুট, গুলিবর্ষণ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি এবং কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, বিডিআর বিদ্রোহের ঘটনায় গত ১১ মে ও ২২ নভেম্বর ২৭ রাইফেলস ব্যাটালিয়ন হেড কোয়ার্টার থেকে র্যাব ও সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ৫০ বিডিআর জওয়ানকে আটক করে।