কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মুক্তিযোদ্ধা মমিনুল ইসলামের মেয়ে মরিয়ম বেগম। বিএ পাস করে বাড়িতে বসে আছেন। চাকরির চেষ্টা কম করেননি। সংসারে আয় বলতে বাবার মুক্তিযোদ্ধা ভাতা। একদিন জানতে পারেন, সরকার বেকারদের চাকরি দেবে। দরখাস্ত করে পরীক্ষা দিয়ে টিকেও যান তিনি।মরিয়ম চাকরি পেয়েছেন সরকারের ‘ন্যাশনাল সার্ভিস’-এর আওতায়। তাঁর মতো কুড়িগ্রামের অনেক বেকার তরুণ-তরুণী চাকরি পেয়েছেন এ প্রকল্পের অধীনে। এর আওতায় প্রতিটি পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।আজ শনিবার কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশের প্রতি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সে লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস নামে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় প্রথম ধাপে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে এসএসসি পাস তরুণ-তরুণীদের অস্থায়ী ভিত্তিতে দুই বছরের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রকল্পের আওতায় কুড়িগ্রামে প্রথম পর্যায়ে নয় হাজার ৯৫০ জন বেকার তরুণ-তরুণী কাজের সুযোগ পাচ্ছেন।কুড়িগ্রাম যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গত নভেম্বর মাসে দরখাস্ত আহ্বান করা হয়। এতে নয়টি উপজেলার প্রায় ৩৫ হাজার বেকার তরুণ-তরুণী আবেদন করেন। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সদর উপজেলায় সাক্ষাত্কারের মাধ্যমে তাঁদের মধ্যে প্রায় ৩৪ হাজার ৩৫৮ জনকে প্রকৃত বেকার হিসেবে বাছাই করা হয়। পরে পরীক্ষার মাধ্যমে নয় হাজার ৯৫০ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। বর্তমানে তাঁদের তিন মাসের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ১০০ টাকা করে ও প্রশিক্ষণ শেষে প্রত্যেককে নিজ এলাকার নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভিন্ন কার্যালয়ে সহযোগী হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। এ সময় সবাইকে প্রতিদিন ২০০ টাকা করে দেওয়া হবে।জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ‘আমরা ইতিমধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষ করেছি।’জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, ‘প্রাথমিকভাবে নয় হাজার ৯৫০ জনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। পরে তিন ধাপে আরও ৩০ হাজার বেকার তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাবেন।’