কুড়িগ্রামের রাজীবপুরে সীমান্ত হাট উদ্বোধন
ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর ও কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারি সীমান্তের জিরো লাইনে আজ শনিবার সীমান্ত হাট উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এ হাট উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ মো. জাকির হোসেন, মো. জাফর আলী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এ ছাড়া দুই দেশের চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আয়োজিত অনুষ্ঠানে ফারুক খান বলেন, ১৯৭১ সালের পর রাজীবপুরের এ অঞ্চলে মানুষের মধ্যে যে হাটকে কেন্দ্র করে উত্সবের সৃষ্টি হয়েছে, তা দুই দেশের মানুষের সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘আমি মনে করি, এ সময়টি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’আনন্দ শর্মা বলেন, এ মুহূর্তটি দুই দেশের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকল। এ ঐতিহাসিক মিলনমেলা দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।