কুড়িতেই বুড়ি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলমারির ওপর চুড়ির আলনা। সেখানে কোনো চুড়ি নেই একটিও। থোকা থোকা ঝুলছে পদক! দৃষ্টি একটু নিচের দিকে নামাতেই বিস্ময় আরও বাড়ল। আলমারির তাকে পদকের স্তূপ!খোলা হাওয়া আর ধুলোবালিতে সোনার পদক ঔজ্জ্বল্য হারিয়ে তামাটে হয়ে গেছে। বিত্তশালীর ড্রয়িংরুমের দামি শোকেসে ঠাঁই পেলে হয়তো চকচকেই থাকত। কিন্তু খেয়ে-পরে বেঁচে থাকাটাই যাঁর কাছে ‘আরেক যুদ্ধ’, তাঁর ঘরে তা না থাকাটাই তো স্বাভাবিক।বাহ্যিক ঔজ্জ্বল্য হারালেও মনের মধ্যে সেগুলো এখনো ঝকঝকে হয়েই আছে। এত পরিশ্রম আর সমাজের বাঁকা দৃষ্টি উপেক্ষা করে যে অর্জন, তাতে কি মরিচা পড়তে পারে! ২০০৯ সালের গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা রানারআপ আকাশী সুলতানা। সাইক্লিংয়ের এই মেয়ে সম্পর্কে জানার উদ্দেশ্য নিয়েই কাকডাকা ভোরে টাঙ্গাইল থেকে বাসে চেপে, পরে হেঁটে সফিপুর আনসার একাডেমির অনতিদূরে পূর্ব চান্দরা (পশ্চিম পাড়া) গ্রামে আকাশীদের বাড়িতে যাওয়া। সেখানেই ফেলে আসা জীবনের স্মৃতিচারণা করেন আকাশী আর হাসেন। গ্রামীণফোন-প্রথম আলো পুরস্কার পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে হাসিটা আরও চওড়া হয়। ক্রিকেটার, ফুটবলারদের সঙ্গে লড়াই করে অজনপ্রিয় সাইক্লিংয়ের একটি মেয়ে বর্ষসেরা রানারআপ পুরস্কার পেয়ে একটু বিস্মিতও। ওই বছর জাতীয় সাইক্লিংয়ে পাঁচটি ইভেন্টে সোনা জিতেছিলেন আকাশী। হয়তো বিবেচনায় এসেছে তাঁর ২৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারও। হ্যাঁ, ২৮ বছর। বাংলার মেয়েরা কুড়িতেই বুড়ি। কিন্তু আকাশী বলেন, ‘কথাটা মিথ্যা প্রমাণ করে আমি ২৮ বছর ধরে খেলছি।’ শুরুটা সেই ১৯৮৪ সালে। ক্রীড়াঙ্গনে তিন দশকের ক্যারিয়ারের শুরুটা হকি দিয়ে!নরসিংদীর শিবপুর উপজেলার মিয়ার গাঁও গ্রামে কৃষক বাবার ঘরে জন্ম। ছোট্টটি থাকতেই তাঁকে রেখে পৃথিবী ছেড়ে যান বাবা হাসান আলী খন্দকার। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট আকাশীর সাইকেল চালানো শেখাটা নেহাতই শখের বশে। একদিন খালার বাড়ি, গাজীপুরের কালীগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। খালাতো ভাই মজিবুর রহমানকে দেখে তাঁর কাছেই শেখা। তখন কি ভাবতে পেরেছিলেন, শখের বশে শেখা বিদ্যাটাই এঁকে দেবে ভবিষ্যৎ!দূর সম্পর্কের বোন রেহানা পারভীন ছিলেন আনসারে। ওই বোনের প্রচেষ্টাতেই নরসিংদীর অজপাড়া গাঁয়ের দুরন্ত মেয়েটি নাম লেখান আনসারের হকি দলে। ১৯৮৪ ও ১৯৮৫ সালে জাতীয় হকিতে সোনা জেতান আনসারকে। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় মহিলা হকি। কী করবেন? সাইকেল চালানোর বিদ্যাটা আছে না! হেলমেট আর দুই চাকার বাহনটি নিয়ে নেমে পড়েন সাইক্লিংয়ে। ১৯৮৭ থেকে টানা ২৫ বছর জাতীয় সাইক্লিংয়ে অংশ নিয়ে জিতেছেন ৪১টি সোনা, সব মিলিয়ে ৪৮টি! সোনা জিতেছেন অ্যাথলেটিকস, তায়কোয়ান্দোতেও। নীরবে ঘাম ঝরিয়েই গেছেন, প্রচারণা সেভাবে পাননি। বড় কোনো স্বীকৃতি-সম্মাননাও না। ক্রীড়া পুরস্কার পেয়ে তাই অভিভূত আকাশী, ‘আমি খুব খুশি। স্বপ্নেও ভাবিনি আমি এই পুরস্কার পাব। আমাকে এই সম্মান দেওয়ার জন্য গ্রামীণফোন-প্রথম আলোকে ধন্যবাদ।’ যোগ করলেন, এই পুরস্কার তাঁর উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু বয়স যে ৪৫ পেরিয়েছে! আকাশী বলেন, ‘যত দিন পারফর্ম করতে পারব খেলে যাব।’ভালো লাগে, তাই খেলাধুলায় আসা। জানালেন, মা (এখন বেঁচে নেই) এবং ভাইবোনদের উৎসাহটা সঙ্গে ছিল সব সময়ই। গ্রামে আর যাওয়া হয় না তেমন। স্বামী মিজানুর রহমান ও ছেলে আল মাহমুদকে নিয়ে থাকেন পূর্ব চান্দরাতেই। অজনপ্রিয় খেলা বলে ‘তারকা’ হওয়ার পরও আর্থিক দৈন্যদশা ঘোচেনি। খেলার সুবাদে আনসারের অস্থায়ী চাকরিটাই ভরসা। বারবার চাকরি স্থায়ী করার আবেদন করেছেন, আশ্বাসও পেয়েছেন, কিন্তু কাজ হয়নি। আগে সোনা জিতলে প্রাইজমানি দেওয়া হতো, ২০০৯ থেকে সেটাও বন্ধ। আনসারের কোচ করার আশ্বাসটাও আলোর মুখ দেখছে না। ভবিষ্যতের অনিশ্চয়তাটা তাই রয়েই গেছে। ক্ষোভের সঙ্গে জানালেন, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা কোনো দিন খবরও নেয়নি। নিজের অর্জনে তৃপ্ত হলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিততে না পারার একটা অতৃপ্তি রয়ে গেছে। বললেন, ‘এসএ গেমসে পদক না পেয়ে কী যে কষ্ট লেগেছে। কিন্তু পারব কীভাবে। ভারত-শ্রীলঙ্কার মেয়েরা যেখানে পাঁচ-ছয় লাখ টাকার সাইকেল চালায়, আমাদের দেওয়া হয় পঞ্চাশ-ষাট হাজার টাকার ভারী সাইকেল। কী করব?’তা না পারুন, তবু তিনি এখন অনেকের আছেই ‘আদর্শ’। তাঁকে দেখে তাঁর ছয় ভাতিজি পা রেখেছে খেলাধুলায়। এমন আরও অনেকের কাছেই আকাশী এখন অনুপ্রেরণার আরেক নাম। খলিলুর রহমান