কুড়িলে ১৮ লাখ ও যাত্রাবাড়ীতে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার কুড়িলে ১৮ লাখ ও যাত্রাবাড়ীতে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। বাড্ডায় ছিনতাইকারীদের গুলিতে একজন আহত হয়েছেন। গতকাল রোববার প্রায় চার ঘণ্টার ব্যবধানে ছিনতাইয়ের ঘটনা দুটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও বাড্ডা থানার পুলিশ জানায়, আকিজ গ্রুপের পরিবেশক ৯৮/ক কুড়িলের জেআর করপোরেশন থেকে সকাল ১০টার পর ছয়জন কর্মী ১৮ লাখ টাকা নিয়ে কুড়িল চৌরাস্তায় বেসরকারি একটি ব্যাংকের শাখায় জমা দিতে যান। ২০-২৫ গজ দূরে ওই ব্যাংকের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন জেআর করপোরেশনের ভান্ডাররক্ষক (স্টোরকিপার) মাইনুল ইসলামের ডান হাতে গুলি করে তাঁর কাছ থেকে ১৮ লাখ টাকাভর্তি হাতব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শেখ আবদুল্লাহেল মারুফ ও ক্যাশিয়ার নাজমুল ইসলামকে ছিনতাইকারীরা লাঠি দিয়ে পেটায় এবং মারুফকে কোপানোর চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। কিছু দূরে হরতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ছিল। কিন্তু তারা ধাওয়া করেও ছিনতাইকারীদের ধরতে পারেনি।ঘটনার পর পুলিশ কর্মকর্তারা সেখানে যান। গুলিবিদ্ধ মাইনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সা দেওয়া হয়েছে।জেআর করপোরেশনের আরেক কর্মকর্তা মেহেদি হাসান প্রথম আলোকে জানান, আগের দিনের সিগারেট বিক্রির ১৮ লাখ টাকা একটি হাতব্যাগে ভরে ব্যাগটি বাইসাইকেলের পেছনের বাক্সে করে ব্যাংকে নেওয়া হচ্ছিল। টাকা জমা দিতে ওই বাইসাইকেলটি ব্যবহার করা হয়। বাক্স খুলে মাইনুল টাকার ব্যাগটি হাতে নেওয়ার পর তাঁকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।মেহেদি দাবি করেন, স্থানীয় ছিনতাইকারীরা ঘটনাটি ঘটিয়েছে।পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎ ফুল কবীর জানান, জেআর করপোরেশনের ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই প্রতিষ্ঠানের তিনজন কর্মী জড়িত বলে সন্দেহ করছেন প্রতিষ্ঠানের মালিক। এ জন্য গুলিবিদ্ধ মাইনুল, মারুফ ও নাজমুলকে মালিকের তরফ থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।যোগাযোগ করা হলে বাড্ডা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম জানান, বিকেলে জেআর করপোরেশনের মহাব্যবস্থাপক মো. হারুন বাদী হয়ে ছিনতাইয়ের মামলা করেছেন। এতে অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়েছে।এদিকে বেলা দুইটার দিকে যাত্রাবাড়ীর মেট্রো পেট্রলপাম্পের ব্যবস্থাপক আরিফুল ইসলাম চার লাখ ৮৪ হাজার টাকা নিয়ে রাস্তার উল্টো পাশের বেসরকারি একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যবস্থাপক চিৎ কার করেন। ছিনতাইকারীরা টাকা কেড়ে নেওয়ার পর একটি গুলি করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ছিনতাইয়ের ঘটনাটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, হরতালের দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।