পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহর থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের অবস্থা করুণ। সড়কটি নতুন করে মজবুত করার জন্য উন্নয়নকাজ শুরু হলেও অর্থ বরাদ্দের অভাবে মাঝপথে কাজের গতি হারিয়ে গেছে।এরই মধ্যে সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই যানবাহন আটকে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে সড়কটি সচল রাখার চেষ্টা করছে।সড়কটি উন্নয়নে মন্থর গতির কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়ক উন্নয়নে নির্মাণকাজ প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। কলাপাড়া উপজেলা শহর থেকে ১১ কিলোমিটার সড়কের কিছু জায়গায় সামান্য কাজ হলেও বাকি ১১ কিলোমিটার সড়কের কাজ প্রায় বন্ধ। পাখিমারা বাজার থেকে দক্ষিণে মাত্র দুই কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। সেখানেও নতুন সড়কে ওঠার আগে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক বিভাগ গর্তগুলো ভরাট করে যানবাহন চলাচল সচল রাখার চেষ্টা করছে।পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের ২২ কিলোমিটারের (কলাপাড়া-কুয়াকাটা) অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের আওতায় সড়কটি মজবুত করার কাজ শুরু হয় ২০১০ সালের এপ্রিলে। খান এন্টারপ্রাইজ ও রূপসা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি দুটি প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করে। ২২ কিলোমিটার এ সড়ক নির্মাণে ৩৭ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা এবং ভূমি অধিগ্রহণ বাবদ ১৩ কোটি ২০ লাখ টাকাসহ মোট ব্যয় হবে ৫০ কোটি ৮৯ লাখ ১৩ হাজার টাকা।কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটার সড়ক যোগাযোগ আগের যেকোনো সময়ের চেয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিকাদারেরা কাজ শুরু করে পুরোনো সড়কের ইট-খোয়া সব তুলে ফেলে নতুন করে সেটির নির্মাণকাজ শুরু করেছিলেন। এখন অবস্থা খুব খারাপ। রোদে ধুলাবালু ও বৃষ্টি হলেই কর্দমাক্ত অবস্থা সৃষ্টি হয়। কুয়াকাটায় পর্যটকদের টানতে হলে সড়ক উন্নয়ন জরুরি।কুয়াকাটা ঝিনুক মার্কেটের সি-ভিউ ফ্যাশনের মালিক আনোয়ার হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, প্রতিবছর ঈদ, রাস উৎসব এবং এ মৌসুমে পর্যটকদের ভিড়ে তাঁদের মনে আনন্দ বইত। ব্যবসা-বাণিজ্য ভালো হতো। কিন্তু কুয়াকাটা সড়কের বেহাল দশা এবং সেই সঙ্গে উন্নয়নকাজ দ্রুত শেষ না হওয়ায় তাঁদের সেই আনন্দ নেই। সড়কের বেহাল অবস্থার কারণে আগের ঈদেও কুয়াকাটায় পর্যটক তেমন একটা আসেনি। এখন সামনে ঈদুল আজহা ও রাস উৎসব। তাই এখানকার ব্যবসায়ীরা দ্রুত সড়কটির উন্নয়ন চান।কুয়াকাটায় বেড়াতে আসা ঢাকার শ্যামলী এলাকার ব্যবসায়ী রাসেল আহমেদ বলেন, ‘এখানে বেড়াতে আসতে এত কষ্ট, আগে জানলে আসতাম না। এই ২২ কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত ও উঁচু-নিচু পথ পাড়ি দিতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। সড়ক ভালো না হলে কুয়াকাটায় বেড়ানোর কথা আর ভাবব না।’কুয়াকাটা হোটেল-মোটেল রিসোর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতলেব শরীফ প্রথম আলোকে জানান, কুয়াকাটায় তাঁদের ৪৫টি ছোট-বড় হোটেল-মোটেল রয়েছে। এ মৌসুমে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। কুয়াকাটায় পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও খানাখন্দে ভরা সড়ক পাড়ি দিয়ে একবার যে কুয়াকাটায় এসেছে, সে আর দ্বিতীয়বার এখানে আসতে চায় না।পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জানান, উন্নয়নকাজ বন্ধ হয়নি। মন্থর গতিতে চলছে। তবে কুয়াকাটার ২২ কিলোমিটার সড়কের অর্ধেকের বেশি এখন বেহাল অবস্থায় আছে বলে স্বীকার করেন তিনি।