কুয়াকাটার খাস জমি বন্দোবস্ত বন্ধের নির্দেশ
কুয়াকাটায় চার মৌজা—লতা চাপালি, গঙ্গামতি, কাউয়ারচর ও চর চাপালির কৃষি খাসজমি ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে অকৃষি খাসজমি বন্দোবস্তের প্রস্তাব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ভূমিসচিব মো. মোখলেছুর রহমান পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফকে এ চিঠি পাঠান। চিঠিতে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকার সরকারি কৃষি ও অকৃষি জমি ব্যবস্থাপনার জন্য ছয় দফা নির্দেশ দেওয়া হয়। এক মাসের মধ্যে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে এসংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়। জানা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকার এই চার মৌজায় বিভিন্ন ব্যক্তি কৃষি খাসজমি বন্দোবস্ত নিয়ে বা বন্দোবস্তের কবুলিয়তের শর্ত ভঙ্গ করে বা বন্দোবস্ত না নিয়ে জাল কাগজপত্র বানিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন। এসব বন্দোবস্তের রেকর্ডপত্র যাচাই করে তা বাতিল করা এবং ওই সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, কুয়াকাটা এলাকায় একদিকে সমুদ্র ভাঙছে, অন্যদিকে চর জাগছে। তাই নদী বা সমুদ্র তীরবর্তী পয়স্থি জমি তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা এবং সরকারি দখলে নেওয়া জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে ইতিমধ্যে অনেক খাসজমি অবৈধ দখলে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যে কারণে আমরা ওই এলাকার কৃষি খাসজমি ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম বন্ধ রাখা এবং অকৃষি খাসজমি বন্দোবস্তের কোনো প্রস্তাব না পাঠানোর জন্য বলেছি। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর সেখানকার জমির দাম বাড়তে শুরু করে। কুয়াকাটায় আবাসন ব্যবসার আড়ালে সরকারি রাস্তা, জলাশয় ও অন্যান্য স্থাপনা প্রকল্পভুক্ত করছে একশ্রেণীর দখলদার। এতে একদিকে যেমন সরকারি ভূমি বেদখল হচ্ছে, অন্যদিকে দালানকোঠার ভিড়ে স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা। আবাসন কোম্পানিগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসে কুয়াকাটার জমি বিক্রি করছে। ফলে মানুষ প্রতারিত হচ্ছে।