কুয়াকাটায় অনুকূল চন্দ্র ঠাকুরের ভক্তদের বনভোজন উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগাবতার পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তদের ‘শুভ বনভোজন উত্সব’ ৯ জানুয়ারি সমুদ্রসৈকত কুয়াকাটার মম্বিপাড়া সত্সঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের হিন্দু সমপ্রদায়ের নর-নারীরা সমবেত হয়। সত্সঙ্গ কেন্দ্র সূত্রে জানা গেছে, ঊষা কীর্তনের মধ্য দিয়ে উত্সব শুরু হয়। এরপর বিনতি প্রার্থনা, অর্ঘ্যাঞ্জলি নিবেদন ও বাল্য ভোগের প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, নাম-জপ, পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ ও ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সত্সঙ্গ কেন্দ্রে প্রতিনিধি শ্রী ধীরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনীর ওপর আলোচনা করেন সত্সঙ্গ মম্বিপাড়া কেন্দ্রের সভাপতি সুধণ্য কর্মকার গোসাই, বিমল কৃষ্ণ গাইন, পরেশচন্দ্র বিশ্বাস, কানাই লাল পাল, প্রদীপ মণ্ডল, উত্তম কুমার কর্মকার প্রমুখ। দুপুরে বঙ্গোপসাগরে স্নান, ভক্তদের মধ্যে আনন্দ বাজারের প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, আরতি, নাম সংকীর্তনসহ ধর্মীয় কর্মসূচি পালিত হয়। চলে দিনব্যাপী দীক্ষাদান কর্মসূচি। উত্সবকে ঘিরে সত্সঙ্গ কেন্দ্রের মন্দির প্রাঙ্গণের বিশাল মাঠজুড়ে বসে মেলা। নানা পসরা সাজিয়ে মেলায় বসা দোকানিদের বেচাকেনাও ছিল জমজমাট। খুলনার পাইকগাছা থেকে আসা নির্মল চন্দ্র দাস (৫৫) বলেন, ‘এটা আসলে বন্ধনের একটা ক্ষেত্র। উত্সবে যোগ না দিলে হয়তো বুঝতাম না।’মম্বিপাড়া সত্সঙ্গ কেন্দ্রের সভাপতি শ্রী সুধণ্য কর্মকার বলেন, ‘আমরা কুয়াকাটায় অষ্টমবারের মতো এ বনভোজন উত্সব করছি। তবে বিগত বছরের চেয়ে এবারের আয়োজন ছিল বেশি এবং লোক হয়েছে বেশি।’