কুয়াকাটায় আবাসন প্রকল্প করতে ডিসির অনুমোদন লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের (ডিসি) অনাপত্তিপত্র না নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় কোনো আবাসন বা স্থাপনা করা যাবে না। যেসব আবাসন কোম্পানি ইতিমধ্যে অনাপত্তিপত্র না নিয়ে কুয়াকাটায় আবাসন ব্যবসা শুরু করেছে, তাদের অনাপত্তিপত্র নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। যদি কোনো আবাসন কোম্পানি এ সনদ না নিয়ে কুয়াকাটায় জমি বা ফ্ল্যাট বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ভূমি মন্ত্রণালয় থেকে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফকে আজ এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত ১৯ মার্চ কুয়াকাটা পর্যটন জোনের মহাপরিকল্পনা ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিসচিবসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। এ সময় ভূমিসচিবকে জানানো হয়, কুয়াকাটা পর্যটন এলাকায় আবাসন কোম্পানিগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসে বিক্রি করছে। ফলে মানুষ প্রতারিত হচ্ছে। আর ওই এলাকায় সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে। এসব বিবেচনায় ভূমি মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসককে না জানিয়ে এভাবে যেখানে-সেখানে আবাসন ব্যবসার মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছে। তিনি বলেন, বেড়িবাঁধের বাইরে যেসব আবাসন কোম্পানি গড়ে উঠছে, তারা জমি যথেষ্ট পরিমাণে উঁচু না করলে বড় থেকে মাঝারি ধরনের জলোচ্ছ্বাসেই ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যে কারণে মাস্টারপ্ল্যানভুক্ত সব সরকারি জমি চিহ্নিত করে দখলে নেওয়া এবং অবৈধ বন্দোবস্ত করা খাসজমি উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে। বিশেষ করে কালেক্টরের কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়া ছাড়া মাস্টারপ্ল্যানভুক্ত এলাকায় কোনো আবাসন কোম্পানি কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না। জনগণের কোনো স্বত্ব বা স্বার্থ ক্ষুণ্ন যেন না হয় তা নিশ্চিত করার পর অনাপত্তিপত্র দেওয়া হবে। জানা গেছে, ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর সেখানকার জমির দাম বাড়তে শুরু করে। তখন থেকেই আবাসন ব্যবসায়ীরা কুয়াকাটায় আসতে শুরু করে। কুয়াকাটায় চারটি মৌজা যথাক্রমে লতাচাপালি, গঙ্গামতি, কাউয়ারচর, চরচাপালি নিয়ে পর্যটন এলাকা বিস্তৃত। এর মধ্যে লতাচাপালি মৌজার ভেতর এক হাজার ১৭২ দশমিক ৭৯ একর খাসজমি রয়েছে। এর মধ্যে ৩২৬ দশমিক ৫৩ একর বেদখল ও দেওয়ানি মামলাভুক্ত খাসজমি। ৭৯৯ দশমিক ৪৬ একর জনসাধারণের ব্যবহার্য জমি। ৪৬ দশমিক ৮০ একর বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমি। কিন্তু আবাসন ব্যবসার নামে কিছু প্রতিষ্ঠান বেশ কিছু খাসজমি দখল করে নিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কুয়াকাটার আবাসন ব্যবসার আড়ালে সরকারি রাস্তা, জলাশয় ও অন্যান্য স্থাপনা প্রকল্পভুক্ত করছে একশ্রেণীর দখলদার। এতে একদিকে যেমন সরকারি ভূমি বেদখল হচ্ছে, অন্যদিকে দালানকোঠার ভিড়ে স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বসুধা আইল্যান্ড, গ্রিনডেল্টা হাউজিং ও ডেভেলপমেন্ট, ক্যাসিংন্ডা প্রপাইটিজ, ন্যান্সি হাউজিং ডেভেলপমেন্ট লিমিটেড, ওয়েন্টা রিয়েল এস্টেট, কোয়ালিটি রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরী রিয়েলিটি লিমিটেড, নবদয় হাউজিং, ওশাস সিটি লিমিটেড, বন্ধু মহল-৮১ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, কুয়াকাটা স্টেট লিমিটেড ও আইফিল হক ফাউন্ডেশনসহ প্রায় ৫০টি আবাসন প্রতিষ্ঠান কুয়াকাটায় কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে বসুধা ও সেঞ্চুরী অনাপত্তিপত্র গ্রহণ করেছে। অন্যদের বারবার নোটিশ দেওয়া হলে তারা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেনি। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘এতদিন আমরা নিজ দায়িত্বে নোটিশ দিলেও হাউজিং কোম্পানিগুলো কর্ণপাত করেনি। এখন ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে অনাপত্তিপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠান আবাসন ব্যবসা চালাতে পারবে না। যারা যতটুকু জমির জন্য অনাপত্তিপত্র নেবে, ততটুকুতে কার্যক্রম চালাবে।’ জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে প্রায় ৫০টি কোম্পানি বিভিন্ন ধরনের সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করছে, তারা ঢাকায় বসে জমি বিক্রি করছে। এর মধ্যে মাত্র দুটো কোম্পানি অনাপত্তিপত্র নিয়েছে।অনাপত্তিপত্র পেতে যেসব কাগজ জমা দিতে হবে: জেলা প্রশাসকের অনাপত্তিপত্র পেতে ‘সরকার কর্তৃক অনুমোদিত হাউজিং কোম্পানির মাস্টারপ্ল্যান, মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত জমির এসএ খতিয়ানের সইমোহর কপি, জমি ক্রয় করে থাকলে তার মালিকানাসংক্রান্ত কাগজপত্র (মূল দলিল/দলিলের সইমোহরসহ সংশ্লিষ্ট খতিয়ানের সইমোহর কপি), ক্রয় করা জমির হাল সনের দাখিলার কপি, প্লট বিক্রির ক্ষেত্রে নকশা, জমিসংক্রান্ত বিষয়ে কোনো দেওয়ানি মামলা অথবা নিষেধাজ্ঞা থাকলে তার বিবরণ এবং মামলার আরজি ও রায়-ডিগ্রির সইমোহর কপি, প্রকল্পভুক্ত জমির মধ্যে কোনো খাসজমি নেই এ সম্পর্কে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)-এর প্রত্যয়নপত্র এবং প্রকল্পভুক্ত জমি সরকার কর্তৃক গৃহীত কুয়াকাটা মাস্টারপ্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত কি না, এই কাগজপত্র ও তথ্যাবলি জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তরে সাত দিনের মধ্যে দাখিল করতে হবে। অন্যথায় আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।