কুয়াকাটায় খাসজমি দখল করে আবাসন ব্যবসা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পর্যটনকেন্দ্র কুয়াকাটার সরকারি খাসজমি দখল চলছে। আবাসন ব্যবসার আড়ালে সরকারি রাস্তা, জলাশয় ও অন্যান্য স্থাপনা প্রকল্পভুক্ত করছে একশ্রেণীর দখলদার। জমির মালিক দুর্বল হলে সেখানেও তারা হাত বাড়াচ্ছে। এতে একদিকে যেমন সরকারি ভূমি বেদখল হচ্ছে, দালানকোঠার ভিড়ে স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা। কলাপাড়া উপজেলা ভূমি প্রশাসন কুয়াকাটার ৬৫ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করেছে। জেলা প্রশাসন এর মধ্যে ২০ জন অবৈধ দখলদারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, কুয়াকাটা এলাকার আবাসন প্রকল্পের মধ্যে অবশ্যই সরকারি খাসজমি আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এই জমির শ্রেণী পরিবর্তন করে অকৃষি খাসজমি দেখিয়ে একসনা (এক বছর মেয়াদি) বন্দোবস্ত নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। তিনি বলেন, ‘কেবল ৬৫ জন দখলদারই নয়, আবাসন প্রতিষ্ঠানগুলোর দখলে থাকা খাসজমি উদ্ধারেও আমরা কাজ শুরু করেছি।’জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুয়াকাটায় লতাচাপলি মৌজার ভেতর এক হাজার ১৭২ দশমিক ৭৯ একর সরকারি খাসজমি রয়েছে। এর মধ্যে ৩২৬ দশমিক ৫৩ একর বেদখল ও দেওয়ানি মামলাভুক্তদ্ধ খাসজমি। ৭৯৯ দশমিক ৪৬ একর জনসাধারণের ব্যবহার্য জমি। ৪৬ দশমিক ৮০ একর বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমি। কুয়াকাটার খাসজমি যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে, এ ব্যাপারে লক্ষ রাখতে গত এপ্রিলে উপজেলা ভূমি অফিসকে নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে এর মধ্যে আবাসন ব্যবসার নামে কিছু প্রতিষ্ঠান বেশ কিছু সরকারি জমি তাদের প্রকল্পভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ওশান সিটি, নবোদয় হাউজিং কোম্পানি, সেঞ্চুরি রিয়েলটি লিমিটেড। এসব প্রতিষ্ঠান প্রায় আট বছর আগে কুয়াকাটায় তাদের প্রকল্পের কার্যক্রম শুরু করে। নবোদয় হাউজিং কোম্পানির সাগর নীড় প্রকল্পগু: সমুদ্রসৈকত-সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ভেতর পশ্চিম কুয়াকাটা এলাকায় তিন ভাগে প্রায় ১০০ একর জমি নিয়ে এই প্রকল্পের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, প্রকল্পের সড়ক বলতে কাদামাটির মেঠোপথ। প্রকল্পের খুব কাছে কুয়াকাটার খাজুরা-মাঝিবাড়ি পয়েন্টের বেড়িবাঁধ সাগরের ঢেউয়ের ঝাপটায় ভেঙে যাচ্ছে। প্রকল্প এলাকায় একটি সরকারি খাল ভরাট করা হয়েছে। এমনকি গ্রামের সরকারি রাস্তা কেটে প্রকল্পভুক্ত করা হয়েছে।এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বারেক মোল্লা বলেন, ‘সরকারি প্রায় ৩০ ফুট রাস্তা সাগর নীড় প্রকল্প কর্তৃপক্ষ কেটে ফেলেছে। আমি ঘটনাস্থলে গিয়ে রাস্তা কাটার কাজ বন্ধ করতে বললেও তারা শোনেনি।’ খাল দখল করে নেওয়ার বিষয়ও তিনি নিশ্চিত করেন। কুয়াকাটার খাজুরা এলাকার মো. গাফফার হাওলাদার অভিযোগ করেন, জাল কাগজপত্র বানিয়ে সাগর নীড় প্রকল্প জোর করে বেড়িবাঁধের মধ্যে তাঁর ৬৬ শতাংশ জমি দখলে নিয়েছে। অভিযোগ অস্বীকার করে সাগর নীড় প্রকল্পের কুয়াকাটার প্রকল্প ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন বলেন, ‘আসলে আমরা কোনো ব্যক্তির সম্পত্তি দখল করিনি। এ ধরনের অভিযোগও আমাদের কাছে কেউ দেয়নি। ’কলাপাড়া ভূমি অফিস সূত্রে জানা যায়, সাগর নীড় প্রকল্পের মধ্যে ৪৭৫৬ নম্বর দাগে ৪৬ শতাংশ ও ৪৭৫৭ নম্বর দাগে দুই একর ২৩ শতাংশ সরকারি খাসজমি রয়েছে। প্রকল্পে এক একর ৪৬ শতাংশ সরকারি খাসজমি রয়েছে বলে স্বীকার করেন মো. আলতাফ হোসেন। তিনি বলেন, ‘আমরা ওই সরকারি খাসজমি পাওয়ার জন্য পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি। তিনি জানান, তাঁদের প্রকল্পের ১৫০টি প্লট বিক্রি হয়েছে। হস্তান্তরও শেষ পর্যায়ে। খাসজমি প্রকল্পের মধ্য দিয়ে প্লট তৈরি করে কীভাবে বিক্রি করা হচ্ছে, এ প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি। ওশান সিটির প্রকল্প: কুয়াকাটা, মম্বিপাড়া ও মুসল্লিয়াবাদ এলাকায় ৭০০ একর জমি নিয়ে ওশান সিটি লিমিটেডের প্রকল্পের কাজ চলছে। প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) মো. মাইনুল হক জানান, এ পর্যন্ত তাঁদের ৪০০ একর জমির নিবন্ধন হয়েছে। ওশান সিটির বিরুদ্ধেও জমির বায়না করে মূল্য পরিশোধ না করা, চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া ভূমিহীনের জমি নিজেদের প্রকল্পের আওতায় আনা, সরকারি জলাশয় ভরাটসহ নানা অভিযোগ রয়েছে ।পশ্চিম কুয়াকাটা গ্রামের মো. ইদ্রিস গাজী অভিযোগ করেন, ২০০৮ সালের নভেম্বরে কুয়াকাটার দশটি খতিয়ানের ও ২০টি দাগের সাত একরের বেশি জমির ব্যাপারে ওশান সিটি কর্তৃপক্ষের সঙ্গে তাঁর লিখিত বায়না চুক্তি হয়। কথা ছিল বায়না চুক্তির ছয় মাসের মধ্যে তারা পুরো টাকা পরিশোধ করে জমি নিবন্ধন করে নেবে। কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। তিনি বলেন, ‘জমি অন্যের কাছেও বিক্রি করতে পারছি না। তাদের লোকজন সব সময় ভয়ভীতি দেখায়।’ এ ব্যাপারে মাইনুল হক বলেন, ‘তাদের এ অভিযোগ মোটেও সত্য নয়। জমির কাগজপত্রে ত্রুটি থাকায় দলিল সম্পন্ন করা যাচ্ছে না।’ কুয়াকাটার বাসিন্দা জহিরুল আলম জানান, লতাচাপলি মৌজায় তাঁর ১ একর ৭১ শতাংশ জমি রয়েছে। এতে চলাচলের জন্য ৫০ শতাংশ সরকারি জমি বন্দোবস্ত পেতে আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন। কিন্তু ওশান সিটি কর্তৃপক্ষ সেই সরকারি জমিতে দেয়াল তুলে দখলে নিয়ে তাঁর চলাচলের পথ বন্ধ করে দেয়। এ ব্যাপারে তিনি গত বছরের ৩ সেপ্টেম্বর ওশান সিটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী আজমকে বিবাদী করে পটুয়াখালীর কলাপাড়া সহকারী জজ আদালতে মামলা করেন।খোঁজ নিয়ে জানা যায়, ভূমিহীন সোনাই বানুর নামে লতাচাপলী মৌজার খাস খতিয়ানের বিভিন্ন দাগে মোট এক একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত রয়েছে। খাসজমি হস্তান্তর করার নিয়ম না থাকলেও ভূমিহীন সোনাই বানুর বন্দোবস্ত জমি এখন ওই আবাসন কোম্পানির দখলে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউছুব আলী মোল্লা জানান, জেলা প্রশাসনের তদন্তেও ওশান সিটির বিরুদ্ধে সোনাই বানুর বন্দোবস্ত পাওয়া জমি ক্রয় করে সেখানে সাইনবোর্ড টাঙানোর প্রমাণ পাওয়া যায়। গত ২৯ মার্চ পটুয়াখালীর সহকারী কমিশনার সৈয়দ শরিফুল ইসলাম সরেজমিন তদন্ত শেষে পটুয়াখালীর তদন্ত সেলে পাঠানো প্রতিবেদনে ওশান সিটির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। এ ব্যাপারে ওশান সিটির কর্মকর্তা মো. মিলন ভূঁইয়া বলেন, ‘সোনাই বানুর কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়নি। তাঁকে খুশি করে নেওয়া হয়েছে।’মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ওশান সিটি স্থানীয়ভাবে তৈরি ছোট ড্রেজার দিয়ে সরকারি জলাশয় ভরাট করেছে বলে অভিযোগ পাওয়া যায়। কলাপাড়া ইউএনওর নির্দেশের পর চারবার গিয়ে সরকারি জলাশয় ভরাট বন্ধ করেছি।’ওশান সিটির কুয়াকাটার প্রকল্প পরিচালক আজিজুর রহমান বলেন, ‘সরকারি জলাশয় ভরাটের অভিযোগ আসলে সঠিক নয়।’ তাঁদের প্রকল্পের মধ্যে ১৭ শতাংশ খাস জমি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ওই জমি অন্য একটি জমির সঙ্গে এওয়াজ বদল (বদলে নেওয়া) করে নেওয়া হয়েছে।’ সেঞ্চুরি রিয়েলটির কুয়াকাটা মডেল টাউন: কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কাউয়ার চর পর্যন্ত এলাকা নিয়ে তাদের প্রকল্পের কাজ চলছে। কলাপাড়া ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেঞ্চুরির প্রকল্পভুক্ত এলাকায় প্রায় ৩০০ একর খাসজমি রয়েছে। এ ব্যাপারে ওই এলাকার দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমরা এসব জমি উদ্ধারের জন্য পদক্ষেপ নিয়েছি। ওই প্রকল্পের চেয়ারম্যান এম জি আর নাসির দাবি করেন, ‘আমাদের প্রকল্পে কোনো খাসজমি নেই। এর মধ্যে এক হাজার ২০০ একর জমির নিবন্ধন করা হয়েছে। বাকি জমির নিবন্ধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’ এ আবাসন কোম্পানির বিরুদ্ধে বায়না চুক্তি করে জমির মূল্য পরিশোধ না করে তা দখল করার অভিযোগ রয়েছে। গত ৬ মে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জমির ১১ জন মালিক এ অভিযোগ করেন। তাঁরা কুয়াকাটার হুইসেনপাড়া গ্রামের বাসিন্দা।জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মো. জলিল হাওলাদার। এতে অভিযোগ করা হয়, ২০০৯ সালের ১১ মার্চ সেঞ্চুরি রিয়েলটি লিমিটেড লতাচাপলী মৌজার ৩৫ ও ৭২৫ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগের ১৫ দশমিক ৮৩ একর জমির বায়না চুক্তি করে। এই জমির মূল্য নির্ধারণ করা হয় তিন কোটি ছয় লাখ ৭০ হাজার টাকা। চুক্তি অনুযায়ী জমির মালিকদের তখন এক কোটি টাকা পরিশোধের কথা থাকলেও চুক্তিপত্রে কৌশলে ১০ লাখ টাকা নগদ পরিশোধের কথা লিখে নেওয়া হয়। এর পরও জমির মালিকেরা ১০ লাখ টাকা নগদ গ্রহণ করে বাকি টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন। চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে আর কোনো টাকা না দিয়েই ওই জমিতে ক্রয়সূত্রে মালিকানা দাবি করে সেঞ্চুরি রিয়েলটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, একদিকে অবৈধভাবে সাইনবোর্ড ঝুলিয়ে জমির মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চলছে; অন্যদিকে বাকি টাকা পরিশোধ না করে জমির সাব-কবলা দলিল সম্পাদন করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। টাকা না দিয়ে জমি দলিল করে দেওয়ার জন্য সেঞ্চুির রিয়েলটি কর্তৃপক্ষ তাদের আইনি নোটিশ দিয়েছে। সেঞ্চুরির কুয়াকাটা প্রকল্পের জরিপকারী (সার্ভেয়ার) মো. আবদুল কুদ্দুস বলেন, ‘আমরা কারও জমি জোর করে দখল করিনি।’ বায়না চুক্তি প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘তাঁদের সঙ্গে আমরা বায়না করেছি ঠিকই, কিন্তু জলিল হাওলাদারসহ অন্যদের কাগজপত্র ঠিক না থাকায় জমি নিবন্ধন করা যায়নি।’ পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইউসুব আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘কুয়াকাটায় সরকারি খাসজমি দখলের খবর পেয়েছি। বন্দোবস্ত না নিয়ে কেউ সরকারি খাসজমি দখল করতে পারে না। এসব জমি বিক্রি করাও আইনত নিষিদ্ধ। এ ব্যাপারে সরেজমিন তদন্তের প্রতিবেদন তদন্ত সেলে জমা হয়েছে। দখলদারদের তালিকা করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২০ জনকে নোটিশও দেওয়া হয়েছে।’