কুয়াকাটায় পর্যটক সমাগম কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দীর্ঘ ছুটিতে এবার দেশের অন্যতম সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটকদের তেমন সমাগম ঘটেনি। সড়ক যোগাযোগে যথেষ্ট উন্নতি হলেও বেশ কয়েক দিন ধরে বৃষ্টি এবং কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি পুরোনো ফেরি পার হওয়ার দুর্ভোগের কারণে এবার তেমন পর্যটক সমাগম হয়নি বলে মনে করেন সংশ্লি¬ষ্ট ব্যক্তিরা।সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখার জন্য বিখ্যাত কুয়াকাটার সাগরসৈকত। এ কারণে দেশ-বিদেশের পর্যটকেরা সেখানে ভিড় জমান। বিশেষ করে ঈদ বা এ ধরনের উত্সবে পর্যটকেরা হোটেল-মোটেলগুলো আগাম ভাড়া নেন। কিন্তু এ বছর কুয়াকাটার হোটেল-মোটেল ব্যবসায়ীরা পর্যটকদের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছেন না বলে জানান।গতকাল সোমবার ঈদের দিন কুয়াকাটায় গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে হোটেল-মোটেলগুলো পর্যটকদের জন্য আগাম প্রস্তুত রয়েছে। তবে এখনো বেশির ভাগ হোটেল-মোটেল আগাম বুকিং পায়নি। প্রতিবছর সাধারণত রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল-মোটেলের কক্ষ আগাম ভাড়া দেওয়া শুরু হয়; ১৫ রোজার মধ্যে তা শেষ হয়ে যায়। এবার সে পরিস্থিতি বেশ বদলে গেছে।কুয়াকাটায় বেড়াতে আসা ঢাকার মিরপুর এলাকার মুশফিকুর রহমান বলেন, কলাপাড়া-কুয়াকাটা সড়কপথে তিনটি ফেরি পার হতে পর্যটকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফেরি এলাকায় সেতু নির্মাণের কাজ চলায় বর্ষায় সেখানে কাদা জমেছে। তাই গাড়ি নিয়ে ফেরিতে উঠতে সমস্যা হচ্ছে।হোটেল কুয়াকাটা ইনের মালিক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গত বছর যেভাবে পর্যটকদের সাড়া পেয়েছি, এ বছর তেমন সাড়া নেই।’হোটেল কুয়াকাটা ইনে অভ্যর্থনার দায়িত্বে থাকা মো. সাইফুর রহমান জানান, তাঁদের হোটেলের ২৬টি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) ও নন এসি কক্ষ আছে। এর মধ্যে মাত্র ১০টি ভাড়া হয়েছে।কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতলেব শরীফ বলেন, এখানে ছোট-বড় ৫০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। গত বছর ঈদের ছুটিতে সব কয়টি আগাম ভাড়া হয়ে গিয়েছিল। ব্যাপক সমাগম ঘটেছিল পর্যটকদের। কিন্তু এ বছর ঈদের ছুটি উপলক্ষে আগাম ভাড়া কম। কয়েক দিনের টানা বৃষ্টির পর আবহাওয়া এখন অনুকূলে এসেছে। তাই পর্যটক সমাগম বাড়তে পারে বলে তিনি আশাবাদী।পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, সড়কের উন্নয়ন হয়েছে। তিনটি সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। তবে পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয়, এ লক্ষ্যে প্রয়োজনীয়-সংখ্যক ফেরি পারাপারের ব্যবস্থা করা হয়েছে।