কুয়াকাটায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে ঘর তোলার চেষ্টা
পর্যটনকেন্দ্র কুয়াকাটার পাঞ্জুপাড়ায় কাদের সার্ভেয়ার নামের এক ব্যক্তি এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে ঘর তোলার কাজ শুরু করেছেন।মুুক্তিযোদ্ধা মরহুম আবদুস ছত্তার মুন্সির ছেলে জাকির মুন্সি জানান, মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের পরিবারকে উপজেলা ভূমি অফিস থেকে লতাচাপলী মৌজার খাস খতিয়ানের ৬২৬৩ দাগে এক একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ২০০৫ সালের ২৪ মার্চ ওই জমির দলিল সম্পাদন করা হয়। সর্বশেষ দিয়ারা জরিপেও তা রেকর্ডভুক্ত হয়। ওই দাগ নম্বর থেকে একই এলাকার আরেক ভূমিহীন আবদুল হাকিমকে এক একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। দাগে মোট জমির পরিমাণ দুই একর ৫৩ শতাংশ। বাকি জমিতে সিডরে ক্ষতিগ্রস্ত সাত-আটটি দরিদ্র পরিবারকে রেডক্রসের উদ্যোগে পুনর্বাসন করা হয়। কিন্তু জমি না থাকা সত্ত্বেও ওই দাগ থেকে কাদের সার্ভেয়ার নামের আরেকজনকে ২০০৮ সালে দেড় একর জমি বন্দোবস্ত দেওয়া হয়।স্থানীয় ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, আগের দুটি বন্দোবস্তের একটির কথা রেজিস্ট্রারে গোপন রাখা হয়। ভূমি অফিসের একটি চক্র গোপনে কাদের সার্ভেয়ারকে জমি বন্দোবস্তের কাজটি করে দেয়। এত দিন চুপচাপ থাকার পর হঠাৎ ১৯ মে কাদের সার্ভেয়ার দলবল নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের একমাত্র সম্বল ওই সম্পত্তির ওপর ঘর তোলার কাজ শুরু করেন। এ ঘটনায় জাকির মুন্সি কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে জিডি করেছেন। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মুনির হোসেন বলেন, ‘আমরা ওইখানে ঘর তোলার কাজ আপাতত বন্ধ করে দিয়েছি।’জাকির মুন্সি বলেন, পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হলেও কাদের সার্ভেয়ার তাঁর অবস্থান ছাড়েননি।এ ব্যাপারে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসি ল্যান্ডের দায়িত্বরত মো. লিয়াকত আলী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওই দাগে জমি না থাকলে, শেষের বন্দোবস্ত কেসটি বাতিল করা হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।