কুয়াকাটায় স্থাপনা অপসারণে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট কুয়াকাটার সমুদ্রসৈকত এলাকায় থাকা সব স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতির প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার রুল জারিসহ পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নির্দেশ দেন।জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন।একই সঙ্গে আদালত বিশেষ কমিটির মাধ্যমে সমুদ্রসৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে পটুয়াখালীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। যাতে নতুন করে দখল ও স্থাপনা নির্মাণ না হয়, সে জন্য প্রহরাব্যবস্থা নিশ্চিত করতে পটুয়াখালীর পুলিশ সুপার ও কলাপাড়ার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া দখল থেকে সৈকত এলাকা রক্ষা করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ভবিষ্যতে সেখানে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আগামী তিন সপ্তাহের মধ্যে পরিকল্পনা, পরিবেশ, ভূমি, অর্থ, পানিসম্পদ ও এলজিআরডি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কলাপাড়া থানার ওসি ও সহকারী ভূমি কমিশনারকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।