কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলেনি ৩ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল শুক্রবার রাত তিনটা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত দুই দফায় তিন ঘণ্টা ফেরি চলেনি। এতে উভয় ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এতে নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে থাকে। একপর্যায়ে রাত তিনটার দিকে দূরের কিছুই দেখা না গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিলে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এক ঘণ্টা পর কুয়াশা হালকা হতে শুরু হলে ফেরি চলাচল শুরু হয়। সকাল সাতটার দিকে আবার ঘন কুয়াশা পড়তে থাকে। এ সময় পাটুরিয়া প্রান্ত থেকে দুটি রোরো ফেরি ‘শাহপরান’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ প্রায় ৩৪টি ছোট-বড় যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। মাঝ নদীতে আসার পর সামনের কিছুই দেখতে না পেয়ে নদীতেই নোঙর করে থাকতে বাধ্য হয়। কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে রোরো ফেরি ‘শাহজালাল’, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’, ‘আমানত শাহ’ ও মাঝারি ফেরি ‘কপোতি’ যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকে। কুয়াশার ঘনত্ব কাটতে থাকলে সকাল নয়টার দিকে পুনরায় ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ ঘটনা নিশ্চিত করেছেন।