কুয়াশায় ঋতুর রূপবদল
অভাবের কার্তিক মাস চলে যাচ্ছে। দরজায় কড়া নাড়ছে শীত। অগ্রহায়ণের সমৃদ্ধিও। গ্রামে-মফস্বলে দৃশ্যপট বদলে গেছে। সকাল-সন্ধ্যায় ঘন কুয়াশায় আচ্ছন্ন চরাচর। আবহমানকাল থেকে এই বাংলায় ঋতুতে ঋতুতে প্রকৃতির রূপবদলের যে অপার বৈচিত্র্য, এই কৃত্রিম মহানগরে তার প্রকাশ অতি নগণ্য। এখানে প্রতিদিনের নিরবচ্ছিন্ন নির্মাণ প্রতিনিয়তই বিরতিহীনভাবে অপসারণ করে চলেছে নিসর্গের শ্যামলিমা। সে কারণে চরমভাবাপন্ন দু-একটি ঋতু বাদে বাকিগুলো কখন যে আসে আর কখন যায়, তা ভালোমতো বোঝাই যায় না।এই যে এখন চলছে হেমন্তকাল, তার কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে ঢাকায়! সন্ধ্যাটি ইদানীং যেন একটু তাড়াতাড়ি চলে আসছে, কাজে ব্যস্ত নাগরিকের চোখে পরিবর্তনের লক্ষণ বলতে এটুকুই। ফুলে ফুলে ভরা শিউলি, ছাতিম কোথায় মুখ লুকিয়ে আছে কে জানে? রোদ তো এখনো সেই আগের মতোই ঘাম ঝরানো। আচমকা কোনো দুর্যোগ ছাড়া আকাশ বরাবর যেমন থাকে তেমনি আছে—রৌদ্রকরোজ্জ্বল। লোডশেডিংয়ে মাথার ওপর পাখার চক্কর থেমে গেলে স্বেদে শরীর স্যাঁতসেঁতে, সে দিন হোক কিংবা রাত। সবকিছু আগের মতোই আছে, এর মধ্যে হেমন্ত কোথায়?ঢাকায় হেমন্ত পড়েছে নগরায়ণ আর কৃত্রিমতার ক্রসফায়ারে। এখানে যা আছে, সেটি তার শবদেহ। হেমন্ত সজীব-সপ্রাণ শহরের কোলাহল, মেকি জাঁকজমক, বিত্তি-বেসাতের জৌলুশ থেকে দূরে। সেখানে সকাল-সন্ধ্যায় আকাশে কুয়াশার ঘনঘোর। হাওয়ায় হিমেল স্পর্শ। পথের পাশের জংলা গাছপালা, ঝোপঝাড়, মাঠের দূর্বা ঘাস সারা রাত ঝরে পড়া শিশিরে ভিজে ওঠে। আর সেই শিশির বিন্দুতে সকালের সোনা রোদ হীরার কুচির মতো দ্যুতিময় হয়ে ছড়ায় তার সাত রঙের বর্ণালি। গভীর রাতে ঘুম ভেঙে গেলে জানালার কাচে, উঠানে জ্যোৎস্নামাখা গাছগাছালির ছায়া দেখে গা ছমছমে অশরীরী অনুভূতি। কিংবা যাদের অলৌকিকে বিশ্বাস নেই, তারাও অভিভূত হয়ে পড়ে স্তব্ধতায়, আলোছায়ায় হিমেল হাওয়ায় ভেসে আসা বুনোফুলের দূরবাহী সৌরভে।বিকেলবেলায় গ্রামগুলোর ওপর চেপে থাকা কুয়াশার সঙ্গে রান্নাঘর থেকে ওঠা ধোঁয়া মিশে গিয়ে মলিন ধূসর বিশাল এক শামিয়ানার মতো আড়াল করে রাখে আকাশ। সন্ধ্যায় সবাই মিলে গলা সাধতে শুরু করে শেয়াল পণ্ডিতেরা। ডানা ঝাপটে নৈশ অভিসারে যাত্রা শুরু করে বাদুড়ের ঝাঁক। ধানখেত, আখখেত, সবজিখেতের মধ্য দিয়ে এঁকেবেঁকে এগিয়ে যাওয়া নদীটির মন্থর স্রোতে ঝিলমিল করে ওঠে কুয়াশার ভেতর দূর দিগন্তে ডুবতে থাকা সূর্যের ম্লান আলো। সেদিকে তাকালে ‘চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে’ এসে।কুয়াশাচ্ছন্ন হেমন্তের রূপ আছে জীবনানন্দের কবিতায়। বাংলার বর্ষার রূপ যেমন নতুন করে আবিষ্কার করেছিলেন রবীন্দ্রনাথ, তেমনি হেমন্তের অন্তর্গত সত্তাটি ধরা পড়েছিল জীবনানন্দের চোখে। ‘হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন—/ পথের পাতার মতো তুমিও তখন/ আমার বুকের পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন’, ‘প্রথম ফসল গেছে ঘরে—/ হেমন্তের মাঠে মাঠে ঝরে/ শুধু শিশিরের জল’, এমন অজস্র পঙিক্ততে তিনি এঁকেছেন হেমন্তের ছবি। চালতার পাতা থেকে ঝরে পড়ছে শিশির বিন্দু, স্তব্ধ রাতের অন্ধকারে গাছের শাখায় শিকার ধরতে ওত পেতে আছে পেঁচা, মাকড়সার জালে জমেছে মুক্তোর মতো শিশির বিন্দু। আর মাঠে মাঠে পেকে উঠছে ধান। কেমন করে পরিপুষ্ট হচ্ছে সেই ধান? তিনি লিখেছেন, ‘শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা রেখে/ অলস গেঁয়োর মতো এই খানে কার্তিকের ক্ষেতে;/ মাঠের ঘাসের গন্ধ বুকে তার,—চোখে তার শিশিরের ঘ্রাণ/ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান...’। এই ধানে কেটে যাবে কৃষকের আকাল-অনটন। সচ্ছলতার সুখ আসবে গ্রামের ঘরে ঘরে। ‘ভুলে গিয়ে রাজ্য-জয়-সাম্রাজ্যের কথা...শুরু হবে হেমন্তের নরম উৎসব’। জীবনযাপনের মাধুর্য স্পর্শ করে যাবে প্রাণে প্রাণে।