কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সোমবার সকালে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। এর ফলে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে থাকে। এ কারণে সকাল সাড়ে সাতটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ‘খানজাহান আলী’, ‘কেরামত আলী’ ও ‘শাহ আলী’ নামের তিনটি রোরো ফেরি যানবাহন নিয়ে নদীতে নোঙর করে অপেক্ষা করে। অপর প্রান্তে পাটুরিয়া ঘাটে রোরো ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ও মাঝারি ফেরি ‘কপোতি’ নোঙর করে থাকে। এ ছাড়া ‘শাহজালাল’, ‘শাহ পরান’ ও ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ নামের তিনটি রোরো ফেরি ৫০টির মতো যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে সকাল সাড়ে আটটার দিকে কুয়াশার ঘনত্ব কমতে শুরু করলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।