কুয়েটে শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থীর বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষার তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েট প্রশাসন।আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় কুয়েটের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথম টার্মের যে চূড়ান্ত পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা সাত থেকে ১০ দিন পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বের থেকে শুরু করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগীয় প্রধানকে অনুরোধ করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের কিছু শিক্ষার্থী তাঁদের প্রথম টার্মের পরীক্ষা পেছানোর দাবি জানান। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বিশ্ববিদ্যালয়কে সেশন জটমুক্ত রাখা, সুষ্ঠু শিক্ষার পরিবেশ রক্ষা করা এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের অর্জিত সুনাম, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে ইতিপূর্বে সংশ্লি¬ষ্ট বিভাগ কর্তৃক ঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথাসময়ে গ্রহণ করা হবে’, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালায়। পরে এক সভায় শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে উপাচার্য আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করে হলে ফিরে যান।শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের দাবি যৌক্তিক ছিল বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবি মানতে বাধ্য হয়েছে। এতে কয়েক দিন সময় পাওয়ায় তাঁরা ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, পরীক্ষা পেছানোর রীতি সৃষ্টি হওয়া শিক্ষার্থীদের জন্য সাময়িক সুবিধা হলেও, তা আদৌ ভালো নয়। এতে সেশন জটমুক্ত কুয়েট সেশনজটের কবলে পড়বে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টি করবে।কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের জানমাল ও নিরাপত্তা রক্ষা করা এবং শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম সচল রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকার্যক্রম চালু রাখার স্বার্থে চলতি শিক্ষাবর্ষের পরীক্ষাসমূহ গ্রহণের বিষয়ে সিদ্ধান্তের জন্য আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ক্যাম্পাস শান্ত ও স্বাভাবিক রয়েছে।