কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টের ভেতরে ও বাইরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ লাঠিপেটা করেছে। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।কুয়েতের কয়েকটি সংবাদ সংস্থা এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্লামেন্টের ভেতরে ও বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহর পদত্যাগ দাবি করেছে। ‘জনগণ সরকারপ্রধানের অপসারণ চায়’ বলে বিক্ষোভকারীরা স্লোগান দেয়। এ সময় পার্লামেন্টের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর দাঙ্গা পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা জানা যায়নি। গত মে মাসে কুয়েতের পার্লামেন্টের দুজন সাংসদ প্রধানমন্ত্রী শেখ নাসেরের বিরুদ্ধে জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ তহবিল অপব্যবহারের অভিযোগ আনেন। তবে শেখ নাসের তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।