কূটনীতিকদের উদ্বেগ, শান্তিপূর্ণ সমাধান খোঁজার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সহিংসতা মোকাবিলায় সেনা মোতায়েনের কথা ভাবছে না সরকার। তবে নির্বাচিত সরকার হিসেবে জনগণের জানমালের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দপ্তরে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের এসব কথা বলেছেন।ঢাকায় কর্মরত ৪০টির বেশি দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত এবং জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান সহিংসতা এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।আলোচনা শেষে জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনিয়ে, ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ও ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। ওই তিন কূটনীতিক ছাড়াও ঢাকার একাধিক কূটনীতিক জানিয়েছেন, সরকারের কাছে কূটনীতিকদের তিনটি প্রশ্ন ছিল—চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সেনা মোতায়েন করবে কি না, এই সহিংসতার সঙ্গে আগামী নির্বাচনের যোগসূত্র আছে কি না এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের অর্থপ্রাপ্তির উৎস কী। তাঁরা চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধান খোঁজার পরামর্শ দেন।ব্রিফিংয়ের পর জার্মান রাষ্ট্রদূত প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের চলমান সহিংসতায় সাধারণ লোকজনের প্রাণহানিতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। জানমালের ক্ষয়ক্ষতিসহ যে সংঘাত চলছে, তাতে আমি মর্মাহত। নির্বাচন সামনে, এখন এ ধরনের সংঘাত অব্যাহত থাকলে একটি দেশ কীভাবে সেটি নিয়ন্ত্রণ করবে, তা নিয়ে ভাবার আছে। তা ছাড়া ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের মামলার আরও বেশ কয়েকটি রায় হতে পারে। এ অবস্থায় আবারও এ ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা আছে।’ চলমান সহিংসতা থেকে পরিত্রাণ পেতে হলে সাংবিধানিক পন্থায় সমাধানের পথ খুঁজে বের করার পরামর্শ দেন তিনি।যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন ও ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বাংলাদেশের চলমান সহিংসতাকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে অভিহিত করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলনকক্ষে এক ঘণ্টার বেশি সময় ধরে এ ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত ব্যক্তিদের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র এবং জামায়াত-শিবিরের সাম্প্রতিক সহিংসতার ভিডিওচিত্র দেখানো হয়। এরপর গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায়-পরবর্তী পরিস্থিতি, শাহবাগের প্রজন্ম চত্বরের তরুণদের আন্দোলন এবং ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে, সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও তিনি কূটনীতিকদের অবহিত করেন।বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের হাইকমিশনার সেনা মোতায়েনের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে না যে তার কোনো প্রয়োজন আছে। তবে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার হিসেবে জনগণের জানমাল রক্ষায় যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, সরকার তার সবই নেবে।’দীপু মনি সাংবাদিকদের জানান, জামায়াত-শিবিরের অর্থের উৎস খুঁজে বের করতে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সেটিও কূটনীতিকেরা জানতে চেয়েছেন।এ প্রসঙ্গে কানাডার হাইকমিশনার হিদার ক্রডেন বৈঠকে বলেন, জামায়াত-শিবির যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, তা দেখে এ ধারণা জন্মায় যে, বাইরে থেকে তাদের অর্থের জোগান দেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে সরকার অনুসন্ধান চালিয়েছে কি না, জানতে চাইলে দীপু মনি জানান, জামায়াত-শিবিরের অর্থায়নের বিষয়ে সাম্প্রতিক সময়ে লোকজন কথা বলছে। গবেষকেরা ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন। আর সরকারও জামায়াত-শিবিরের অর্থপ্রাপ্তির বিষয়টি খতিয়ে দেখছে।জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে কানাডার হাইকমিশনারের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, দেশের বিভিন্ন মহলের পক্ষ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে। তারা যে ধরনের জঙ্গি তৎপরতা ও সহিংসতা চালাচ্ছে, সে জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইনকানুন খতিয়ে দেখা হচ্ছে।যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, বাংলাদেশের চলমান সহিংসতার ধরনে দেখা যাচ্ছে, স্থানীয়ভাবে তা প্রতিহত করা হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের সঙ্গে এ সংঘাতের কোনো সম্পর্ক আছে কি না, এ বিষয়ে দীপু মনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর। বাংলাদেশের নির্বাচন যথাসময়ে হবে।পররাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারের পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মানুষ সর্বসম্মতভাবে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে দাবি তুলেছে, তার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি বন্ধুরাষ্ট্রগুলোর সরকারকে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ধিক্কার জানাতেও পররাষ্ট্রমন্ত্রী তাদের সহায়তা চেয়েছেন।