কূটনৈতিক সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮১ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম উত্তর-দক্ষিণ সহযোগিতা সম্মেলন। তাতে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। অধিকাংশ দেশের প্রতিনিধিদলই বাণিজ্যিক বিমানে কানকুনে পৌঁছায়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে বিশেষ ভাড়া করা—অর্থাৎ চার্টার্ড—বিমানে সদলবলে কানকুনে উড়ে আসেন। বিশ্বের দরিদ্রতম দেশের প্রধানমন্ত্রী তিনি, সবাই বলে তলাবিহীন ঝুড়ি, তাঁর এই ঘোড়ারোগ দেখে সেবার সবাই দমফাটা যে অট্টহাসি হেসেছিল, তার আওয়াজ আটলান্টিকের দুপারেই শোনা গিয়েছিল।তখন বাংলাদেশ বলতেই বোঝাত ঋণে জর্জরিত, দুর্যোগপীড়িত, হতদরিদ্র একটি দেশ। সে ঘটনার ৩০ বছর পর, সেপ্টেম্বর ২০১০ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মিত বিমানেই, সঙ্গে শতাধিক প্রতিনিধি। তিনি থাকতে থাকতেই ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় উপসম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ‘বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়’। নিবন্ধের উপশিরোনাম ছিল: পাকিস্তান তার এই ভূতপূর্ব প্রদেশটির কাছ থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কীভাবে অর্জিত হয় এবং সন্ত্রাসবাদের মোকাবিলা কীভাবে সম্ভব, তার সবক পেতে পারে। এক দেশ দুই ছবি, মাঝখানে ৩০ বছর। এই দুই ছবি থেকেই স্বাধীনতার পর আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ব্যালান্সশিট পেয়ে যাই। একসময় দেশটি হয়তো সবার কটাক্ষের পাত্র ছিল, এখন আর নয়। প্রমাণ? গত সেপ্টেম্বরে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছিলেন, চীনকে এখন তৈরি সামগ্রী রপ্তানির ক্ষেত্রে ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশের প্রতিযোগিতা মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশের এই সাফল্যের মূল কারণ একদিকে গণতন্ত্রায়ণ, অন্যদিকে অর্থনৈতিক অগ্রগতি। দরিদ্র দেশ, কিন্তু দারিদ্র্যকে নিয়তি বলে স্বীকার করেনি বাংলাদেশ। দারিদ্র্য-মুক্তি, সুপেয় পানি সরবরাহ, শিশুমৃত্যু রোধ ও নারীশিক্ষায় প্রতিবেশী অনেক দেশকেই পেছনে ফেলে গেছে সে। স্বল্পোন্নত যে দেশগুলো জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের পথে এগোচ্ছে, বাংলাদেশ তাদের অন্যতম। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছিলেন, বাংলাদেশ হচ্ছে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স’। কূটনীতিকে বরাবরই তার লড়াইয়ের একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ। আঞ্চলিক পর্যায়ে সার্ক গঠিত হয় বাংলাদেশেরই উদ্যোগে। স্বল্পোন্নত দেশ বা এলডিসিসমূহের মুখপাত্র হিসেবেও বাংলাদেশের ভূমিকার রয়েছে ব্যাপক স্বীকৃতি। বস্তুত, আন্তর্জাতিক সমঝোতার সব ক্ষেত্রে এলডিসি যে এখন একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে, তার বড় কারণ বাংলাদেশ। ২০০১ সালে প্রায় ১০ বছর একটানা সলাপরামর্শের পর তৃতীয় এলডিসি সম্মেলনে দশকব্যাপী কর্মসূচি গৃহীত হয়। সে সম্মেলনে স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়কারী ছিল বাংলাদেশ। এই কর্মসূচির সমর্থনে জাতিসংঘ সচিবালয়ে স্বল্পোন্নত দেশসমূহবিষয়ক যে স্বতন্ত্র বিভাগ খোলা হয়, তার প্রথম উপমহাসচিব হিসেবে দায়িত্ব পান বাংলাদেশের আনোয়ারুল করিম চৌধুরী। জনাব চৌধুরী ছাড়া আরও দুজন বাংলাদেশি জাতিসংঘের উপমহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তাঁদের একজন প্রয়াত শামস কিবরিয়া, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) নির্বাহী সচিব হিসেবে ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন। জনাব কিবরিয়া ১৯৮৬ সালে কম্বোডিয়ায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। আর তৃতীয় বাংলাদেশি উপমহাসচিব হলেন আমিরা হক। তিনি বর্তমানে সুদানে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের প্রধান ও আফগানিস্তানে সহকারী প্রধানের দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত দুবার বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন—১৯৭৯-৮০ ও ২০০০-২০০১ সালে। দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে বাংলাদেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে। এর একটি ছিল মানবিক দুর্যোগের সময় নিরাপত্তা পরিষদের ভূমিকাবিষয়ক বিতর্ক। কসোভা প্রশ্নে সে সময় সংকট দানা বেঁধে ওঠে। মুসলমান-প্রধান দেশটি সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার জন্য লড়ছিল। নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের নেতৃত্বে সে সময় একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল কসোভো সফর করে। পরিবেশ প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে যে আলাপ-আলোচনা চলছে, তাতেও বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পেশাদারি কূটনীতিক, সুশীল সমাজ ও বাঙালি পরিবেশবিজ্ঞানীদের যৌথ ভূমিকা। বাংলাদেশ ভূমণ্ডলের উষ্ণতার ক্ষতিকর প্রভাব এড়াতে ক্ষুদ্র ও দরিদ্র দেশসমূহের এক সমন্বিত অবস্থানের পক্ষে জোর দিয়ে আসছে। সম্প্রতি মেক্সিকোর কানকুনে যে পরিবেশ সম্মেলন হয়ে গেল, তাতে বাংলাদেশের নেতৃত্ব সবার দৃষ্টি আকর্ষণ করে। তার ভূমিকার স্বীকৃতি হিসেবে পরিবেশ সংকটাপন্ন দেশসমূহের পরবর্তী সম্মেলন ২০১১ সালে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে।হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক