কূটনৈতিক সুবিধায় আনা অবৈধ পণ্য ছেড়ে দিতে বলছেপররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তর কোরিয়া দূতাবাসের নামে আনা এক কনটেইনার অবৈধ পণ্য ছেড়ে দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সংক্রান্ত সুপারিশ করা হয়। কূটনৈতিক সুবিধার আওতায় অবৈধ পণ্য আমদানির অভিযোগে গত ৯ সেপ্টেম্বর শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই কনটেইনারটি আটক করেন। জানতে চাইলে কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) কমিশনার এ কে এম নূরুজ্জামান প্রথম আলোর কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেন। কাস্টমস সূত্র জানিয়েছে, এর আগে গত ৮ আগস্ট ইরাক দূতাবাসের এক কর্মকর্তার নামে আনা বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটকের পর ছেড়ে দেওয়া হয়, যে কর্মকর্তার নামে এসব পণ্য আমদানি করা হয়েছিল সেই কর্মকর্তা অনেক আগেই অন্যত্র বদলি হয়ে যান। ঢাকায় তাঁর কোনো বাসস্থান পর্যন্ত নেই। সূত্র জানায়, কূটনৈতিক রীতি অনুসারে (ভিয়েনা কনভেনশন) দূতাবাস ও মিশনে কর্মরত ব্যক্তিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শুল্কমুক্ত-সুবিধায় তাঁদের প্রয়োজনীয় পণ্য যেকোনো দেশ থেকে আমদানি করতে পারেন। এই সুযোগ নিয়ে বিভিন্ন দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তা ও রাজধানীর একশ্রেণীর ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিতে অবৈধ পণ্য এনে সরাসরি বাজারে বিক্রি করে দেন। ২০০২ সালে তিন দেশের দূতাবাসের নামে আনা এ ধরনের ছয়টি চালান ধরা পড়ে। এরপর এ ব্যবসা কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও কূটনৈতিক সুবিধায় পণ্য আমদানি শুরু হয়। গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া দূতাবাসের নামে আনা চালানটি ছিল প্রথম সচিব পাক তং চেনের নামে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চালানটি পরীক্ষার পর দেখতে পান এতে রয়েছে, ২৩ হাজার ৬০০ বোতল মদ, ১০টি এলসিডি টিভি, ১০টি এসি, ৫৫০স লিটার পানীয়, ৯০টিন দুধসহ বিভিন্ন সামগ্রী। এতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ছয় কোটি টাকা। পণ্য আমদানির সময় দূতাবাস কর্মকর্তা যে ঘোষণা দিয়েছিলেন তার সঙ্গে এর কোনো মিল নেই। এরপর কাস্টমস কর্মকর্তারা এগুলো আটক করে দূতাবাসের জিম্মায় জমা দেন। এনবিআর সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগ থেকে চিঠি দিয়ে কোরিয়া দূতাবাসের নামে আনা আটক করা পণ্য ছেড়ে দিতে বলা হয়। চিঠিতে বলা হয়, এ ধরনের পণ্য আমদানি কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী ও বিশ্বাস ভঙ্গের নামান্তর। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এ ঘটনায় ক্ষমা চেয়েছেন এবং অবৈধ মালামাল ফেরত পাঠাতে রাজি হয়েছেন।এর আগের ধরা পড়া চালানটি ছিল ইরাক দূতাবাসের তৃতীয় সচিব জেড আবদুর রাজ্জাকের নামে। গত ৮ আগস্ট আটক করা হয়েছিল বিস্কুট, ফলের রস, গুঁড়া সাবানসহ ২৬ হাজার কেজি ওজনের পণ্য। গুলশানের একটি বাজারে যাওয়ার পথে কাস্টমস এগুলো আটক করে। কিন্তু পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এসব পণ্য ছেড়ে দিতে হয়। কাস্টমস সূত্র জানায়, আবদুর রাজ্জাক ইতিমধ্যে অন্যত্র বদলি হয়ে যান। কিছুদিন আগে তিনি ঢাকায় এসে কাস্টমস থেকে মালামালগুলো ছাড়িয়ে নেন। এরপর গুলশানে একটি ডিপার্টমেন্ট স্টোরে সব বিক্রি করে দিয়ে চলে যান।