কূপের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল বাবা ও দুই ছেলের
সিরাজগঞ্জের কাজীপুরে কূপে নামার পর বিষাক্ত গ্যাসের তীব্রতায় বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মো. আব্বাস আলী ফকির (৫৫) এবং তাঁর দুই ছেলে মজনু ফকির (৩০) ও মিন্টু ফকির (২০)।কাজীপুর থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে কুনকুনিয়া গ্রামের আব্বাস আলী ফকিরের বাড়িতে খাবার পানির জন্য এক সপ্তাহ আগে একটি কূপ খনন করে। খননের পর কূপটি তারা ঢেকে রেখে যায়। একই সঙ্গে ওই কূপের ভেতর কাউকে না নামার এবং ঢাকনা না খোলার জন্য বলা হয়। তবে খনন করা ৩০ ফুট গভীরতার ওই কূপটিতে প্রথমে বাড়ির বড় ছেলে মজনু ফকির রিং বেয়ে নিচে নামেন। কূপের পানিতে মজনু হাবুডুবু খেতে থাকলে তাঁকে উদ্ধারের জন্য বাবা আব্বাস ফকির রিং বেয়ে নিচে নামেন। পরে বাবা ও বড় ভাইয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে মিন্টু ফকির সেখানে নামেন। একসময় বিষাক্ত গ্যাসের তীব্রতায় মিন্টুও নিস্তেজ হয়ে পড়েন।এ সময় প্রতিবেশীরা নৌকায় ব্যবহূত এংকার দিয়ে কূপের ভেতর থেকে মিন্টুকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পথে তিনি মারা যান।পরে খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস কর্মীরা আব্বাস ও মজনুকে কূপ থেকে উদ্ধার করে।কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘কূপের মধ্যে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। প্রথমে আমরা নামতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে ফিরে আসি। যে তিনজন নেমেছিল, তারা গ্যাসের ক্রিয়া সহ্য করতে না পেরে মারা গেছে।’কাজীপুর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।