কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন সালেহ
দীর্ঘ ৩৩ বছরের শাসনামলে কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। গতকাল রোববার দেশটির সরকার ও দলীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশে এক টেলিভিশন ভাষণে তিনি ক্ষমার প্রসঙ্গটি তোলেন। এরপর যুক্তরাষ্ট্র রওনা দেন সালেহ। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সালেহ উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ক্ষমতা ত্যাগ করতে রাজি হয়েছেন। ২১ ফেব্রুয়ারি তাঁর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে। চিকিত্সার কথা বলা হলেও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহজ করতেই সালেহ যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলে জানা গেছে। সালেহ বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় চিকিত্সার জন্য আমি যুক্তরাষ্ট্রে যাব এবং জেনারেল পিপলস কংগ্রেস পার্টির প্রধান হিসেবে আমি সানায় ফিরে আসব।’ক্ষমতা হস্তান্তর চুক্তি অনুযায়ী পার্লামেন্ট দায়মুক্তি অনুমোদনের এক দিন পর গতকাল টেলিভিশনে ভাষণ দেন সালেহ। বিদায়ী ভাষণে তাঁর সুর ছিল আপসমূলক। তিনি বলেন, ‘আমি ইয়েমেনের সব নারী ও পুরুষের কাছে আমার ৩৩ বছরের শাসনামলে সংঘটিত সব ধরনের ভুলত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি।’সালেহকে ভিসা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাঁর এই সফরের একমাত্র উদ্দেশ্য হলো স্বাস্থ্যগত চিকিত্সা এবং আমরা আশা করি, তিনি তাঁর চিকিত্সার জন্য প্রয়োজনীয় যে সময়ের কথা জানিয়েছেন, সেই সীমিত সময়ের জন্যই এখানে অবস্থান করবেন।সালেহর এক সহযোগী জানান, তিনি পার্শ্ববর্তী দেশ ওমানে দুই বা তিন সপ্তাহ সময় কাটাতে পারেন। তবে ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, সালেহ মাত্র কয়েক ঘণ্টার জন্য ওমানে যাত্রাবিরতি করতে পারেন। এদিকে গতকাল রোববার হাজার হাজার বিক্ষোভকারী সালেহর দায়মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গত বছর সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার জন্য তাঁরা সালেহকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।