কৃতজ্ঞতার বন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক মান্নার আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। মান্না আজ নেই। আছে তাঁর কর্ম। আছেন তাঁঁর সহশিল্পীরা। তাঁদেরই একজন মৌসুমী; স্মৃতিচারণা করলেন মান্নাকে নিয়ে। কী আশ্চর্য! মান্না আমাদের মাঝে নেই। তাঁর বয়স কি খুব বেশি হয়েছিল? তিনি কি কঠিন কোনো সমস্যায় ভুগছিলেন? না। অথচ বাস্তবতা হলো, মান্না নেই। তাঁর স্মৃতিগুলো কেবলই কথা বলে। মান্নার মৃত্যুর ঠিক দুই দিন আগের কথা বলছি। ওমর সানী গিয়েছিল এফডিসিতে। মান্না নাকি সানীকে দেখে বললেন, ‘এই, তোমার বউয়ের মোবাইল ফোনের নম্বর পাচ্ছি না। একটা ফোন করো তো। কথা বলি।’ ওমর সানী ফোনে আমার সঙ্গে মান্নার যোগাযোগ করিয়ে দেয়। প্রথমেই অভিমান আর সে কী কথা! ‘হ তুমি তো অহন আকাশের চান। তোমার লগে কথা কওয়ার লাইগ্যা কতহানেই না ফোন দিলাম। আচ্ছা, তুমি মানুষটা কেমন কও তো।’ মান্না ভাইয়ের আঞ্চলিক ভাষায় কথাগুলো শুনে না হেসে পারলাম না। বললেন, ‘মৌসুমী, আমি অনেক ভেবে দেখলাম। আসলে তোমাকে আমার লাগবেই। অনেকের সঙ্গেই কাজ করলাম। কিন্তু তোমাকে ছবিতে নিয়ে যে আরাম পাই, সেইটা অন্যখানে খুবই কম পাই।’ আমি কিছু বলি না। আবারও হাসি। বললেন, ‘শোনো, চারটা ছবির গল্প ঠিক করা হয়েছে। তোমার কাছে পরিচালকরা যাবেন, তুমি শিডিউল মিলাইয়্যা দিয়ো।’ আমি বললাম, দেখা যাবে।এবার একটু রেগে গিয়েই বললেন, ‘দেখা যাবে মানে কী? মৌসুমী, তুমি এমন করো ক্যান। আচ্ছা তুমি কও তো আমার ছবিগুলা কি ব্যবসাসফল হয় না?’বললাম, ঠিক আছ করব। মান্না ভাই ছিলেন দিল খোলা মানুষ। কথা বলতেন সহজ-সরল করে। মনের মধ্যে কোনো ঘোরপ্যাঁচ রাখতেন না। ফোন রাখার পর মনে হলো, গোড়ার দিকে মান্না ভাইয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করার প্রস্তাব পেতাম। কিন্তু তিনি যেহেতু অ্যাকশন ধাঁচের ছবি করতেন, সেখানে নায়িকার চরিত্র খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তাই ওসব ছবিতে কাজ করা হয়নি। একদিন এফডিসিতে মান্না ভাই ডেকে বললেন, ‘আচ্ছা মৌসুমী, তুমি আমার সঙ্গে কাজ করতে চাও না ক্যান?’ আমি কারণটা বুঝিয়ে বলি। তিনি বললেন, ‘যদি একটি প্রেমের গল্প করি, কাজ করবা?’আমি বললাম, আগে গল্প শোনান। বললেন, ‘পরিচালক হিসেবে কাজী হায়াৎ কি ভালো হবে না?’ আমি বললাম, কেন হবে না। তিনি তো অনেক বড় মাপের পরিচালক। একদিন নৃত্য পরিচালক মাসুম বাবুল এসে বললেন, ‘আজ মান্নার প্রথম প্রযোজনার ছবির গানের রেকর্ডিং। মান্না তোমাকে জানাতে বলেছে।’ রেকর্ডিং শেষে আমাকে গানটি শোনালেন। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’। মুগ্ধ হলাম। এরপর গল্প শোনালেন। আরও মুগ্ধ হলাম। লুটতরাজ ছবিটি যখন মুক্তি পেল, তখন ফারদীনের জন্ম হয়েছে। আমি ওকে নিয়ে ব্যাংকক গিয়েছিলাম। ফোনে ঢাকা থেকে সিনেমা হলের ভেতরে গিয়ে দর্শকদের উল্লাস শোনালেন আমাকে। মান্না ভাই যে কী খুশি। বললেন, ‘মৌসুমী, অহন ছবি করবা আমার সাথে?’ আমি মান্না ভাইয়ের আচরণে হাসি। দেশে ফিরতেই একসঙ্গে অনেকগুলো ছবিতে চুক্তিবদ্ধ হলাম। প্রায় সব কটি ছবিই সুপারহিট হলো। মান্না ভাই, আপনার সঙ্গে যে আমার আরও চারটি ছবি হাতে নেওয়ার কথা ছিল, সেগুলোর কী হবে? কথা বলছেন না কেন? আপনি আমাকে কৃতজ্ঞতার বন্ধনে বেঁধে রেখে চলে গেলেন।