মািয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের মামলার রায় বাংলাদেশের পক্ষে যাওয়ায় বিএনপি খুশি হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে সমুদ্রে বাংলাদেশের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, এ কৃতিত্ব সরকারের নয়। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কাজের অংশ হিসেবে হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভালো কাজ করেছে বলেই এটা সম্ভব হয়েছে। এতে দেশ, মানুষ ও ভবিষ্যত্ অর্থনীতির জন্য ভালো হবে। গত বুধবার সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে সমুদ্র নিয়ে বিরোধে বাংলাদেশের করা মামলার রায় দিয়েছেন। এ রায়ের ফলে উপকূল থেকে বঙ্গোপসাগরের ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।