কৃত্রিম পায়ে ভর করে আদালতে লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ শুনানি হওয়ার কথা ছিল। আগামী ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ অন্য সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন না আসায় আদালতের বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী শুনানির নতুন এ দিন ধার্য করেন।পুলিশ অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের পর আজ প্রথম লিমন বিশেষ ট্রাইব্যুনাল-২-এ কৃত্রিম পায়ে ভর করে হাজিরা দেন। লিমন চিকিত্সাধীন থাকায় এর আগের দুটি তারিখে তার পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল।লিমনের আইনজীবী নাসিমুল হাসান বলেন, র্যাবের দায়ের করা মামলায় আজ লিমনের অব্যাহতির আবেদন ও অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ গত সাড়ে চার মাসে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ অন্য সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল অথবা তামিলের প্রতিবেদন আদালতে জমা দেয়নি।আদালতে হাজিরা শেষে লিমন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘র্যাবের দায়ের করা মিথ্যা অস্ত্র মামলা থেকে অব্যাহতির জন্য আমার পক্ষে আইনজীবীরা আদালতে আবেদন করেছেন। আশা করি, আমি আদালত থেকে ন্যায়বিচার পাব। সরকারও ইচ্ছা করলে যেকোনো সময় আমাকে এ মামলার দায় থেকে অব্যাহতি দিতে পারে।’উল্লেখ্য, গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারায় কলেজছাত্র লিমন। এ ঘটনায় বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুত্ফর রহমান বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একটি মামলা করেন। এক মাসের মাথায় ২৪ এপ্রিল রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম অস্ত্র মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। বয়স ১৮ বছরের কম হওয়ায় একটি অভিযোগপত্রে শুধু লিমনকে আসামি করা হয়। অন্য অভিযোগপত্রে আসামি করা হয় সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনকে।গত ৩ জুলাই বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ফারুক আহমদ দুটি অভিযোগপত্রের বিচার একই সঙ্গে করার নির্দেশ দিয়ে মামলা দুটি বিশেষ ট্রাইব্যুনাল-২-এ পাঠান।এদিকে লিমনের মা হেনোয়ারা বেগম র্যাবের ছয়জন সদস্যর বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করলেও সে মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। গত সাড়ে সাত মাসে এ মামলায় পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি এবং আদালতে কোনো প্রতিবেদনও জমা দেয়নি।