কৃত্রিম শিশুখাদ্যে বাজার সয়লাব, মায়ের দুধের পক্ষে প্রচার দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর হার বিগত কয়েক বছর ধরে বাড়ছে না। সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, এই হার ৪৩ শতাংশে থেমে আছে। অন্যদিকে কৃত্রিম শিশুখাদ্য প্রস্তুতকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আগ্রাসী বিপণন-নীতির কারণে গুঁড়ো দুধের বিক্রি বাড়ছে। শিশু-পুষ্টিবিদেরা বলছেন, কৃত্রিম শিশুখাদ্যের ব্যাপক প্রচারের কারণে মায়ের দুধ খাওয়ানোর প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। দেশে ব্যাপক শিশু অপুষ্টির এটি অন্যতম কারণ। সূত্র জানায়, সরকার প্রতিবছর গড়ে প্রায় ৮০০ কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ৮০৬ দশমিক ৯১ কোটি এবং ২০০৮-০৯ অর্থবছরে ৭৫২ দশমিক ৮ কোটি টাকার দুধ আমদানি করে। ২০০৫-০৬ অর্থবছরে এই খাতে ৫৪৪ দশমিক ৫ কোটি টাকা ব্যয় হয়। অর্থাৎ পাঁচ বছরে দুধ আমদানিতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবের বাইরেও দেশে গুঁড়ো দুধ আসছে। সরকারের জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী বলেন, গুঁড়ো দুধ আমদানিতে প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় করা হয়। আর আমদানি করা গুঁড়ো দুধের ৬০ শতাংশ ব্যবহূত হয় দুই বছরের কম বয়সী শিশুদের জন্য। কৃত্রিম শিশুখাদ্যের বিপরীতে ‘মায়ের দুধের কোনো বিকল্প নেই’—এই স্লোগান বেশ কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই স্লোগানকে লাগাতারভাবে সারা দেশে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাপকভিত্তিক কোনো উদ্যোগ নেই। জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) নির্বাহী পরিচালক মাঈনুদ্দীন খন্দকার বলেন, জাতীয় কার্যক্রমেও বিষয়টিকে সেভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে গ্রামপর্যায়ে মাসহ পরিবারের অন্য সদস্যদের এ ব্যাপারে সচেতন করার চেষ্টা চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ২০০৭ সালে শিশুখাদ্য বিষয়ে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং ইন বাংলাদেশ’ (আইওয়াইসিএফ) নামের কৌশলপত্র প্রকাশ করে। কৌশলপত্রে অগ্রাধিকার ভিত্তিতে মাতৃদুগ্ধ বিপণন বিকল্প খাদ্য (বিপণন নিয়ন্ত্রণ) বিধিমালা, ১৯৯৩-কে আরও যুগোপযোগী করা এবং প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় মায়ের দুধ খাওয়ানোর সুবন্দোবস্ত করার কথা বলা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। এর বাইরে ১৯৮১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকল্প শিশুখাদ্য বিপণন নীতিমালা (বিএমএস কোড) অনুমোদন করে। ১৯৮৪ সালে বাংলাদেশে এ-সম্পর্কিত অধ্যাদেশ পাস হয়। ১৯৯০ ও ১৯৯৩ সালে কিছুটা সংশোধন করা হয়। দেখা যাচ্ছে, আইন করেও বিকল্প শিশুখাদ্যের বাজার সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় প্রথম আলোকে বলেন, ‘কিছু ব্যবসাপ্রতিষ্ঠান আইন না মেনে শিশুখাদ্য বাজারজাত করছে। কিন্তু বাজারের ওপর কেউ জোর নজরদারি করছে না বলে এরা পার পেয়ে যাচ্ছে। আইনে বলা আছে, কৌটা বা পাত্রের গায়ে খাদ্যে কী কী উপাদান আছে, তা পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে তা থাকছে না। অনেকে চালাকি করে কৃত্রিম খাদ্য মায়ের দুধের সমতুল্য, সেটা প্রমাণ করারও চেষ্টা চালায়।’ বিকল্প শিশুখাদ্য বিপণন নীতিমালায় বলা আছে, শিশু বা মাকে আকৃষ্ট করে এমন ছবি শিশুখাদ্যের কৌটায় বা পাত্রে থাকতে পারবে না। রাজধানীর একাধিক ওষুধের দোকানে গিয়ে ম্যামিলাক ও মাদারস স্মাইল প্রাইমার মোড়কে দৃষ্টিনন্দন কার্টুন ও ফুলের ছবি দেখা যায়। এ ছাড়া কৌটার গায়ে মায়ের দুধের বিকল্প, সমতুল্য বা শ্রেষ্ঠ আর কিছুই নেই—এমন কথা বাংলায় লেখা থাকার কথা। কিন্তু আমদানি করা এস-২৬সহ আরও বেশ কটি ব্র্যান্ডের গুঁড়ো দুধের কৌটায় তা লেখা নেই। ভোক্তাস্বার্থ নিয়ে কাজ করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাব ২০০৯-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঢাকার বাজারে বিক্রি হয় এমন ৫০টি ব্র্যান্ডের শিশুখাদ্যের ওপর জরিপ চালায়। জরিপে দেখা গেছে, ১৮ শতাংশ শিশুখাদ্যের মোড়কেই শিশুসদৃশ কার্টুন ও ৩০ শতাংশ মোড়কে চুষনির (ফিডার) ছবি ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন, ইউকের কর্মকর্তা মুনির আহমেদ প্রথম আলোকে বলেন, আইনে বলা আছে মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে কোনো পণ্যের প্রচার করা যাবে না। বিজ্ঞাপন, উপহারসামগ্রী কিংবা কোনো বস্তু বিনা মূল্যে দেওয়া যাবে না। কিন্তু অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তা মানছে না। একটি বহুজাতিক কোম্পানির সূত্র জানায়, বিকল্প শিশুখাদ্যের বাজার প্রসারের পেছনের চালিকাশক্তিটি হলো প্রতিষ্ঠানের সুনাম। সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো দুটি কৌশল ব্যবহার করছে। মাঠপর্যায়ে অসংখ্য কর্মী রেখেছে। দ্বিতীয়ত, কিছু চিকিৎসক তাদের সহায়তা করেন। রাজধানীর পান্থপথের এক মুদি দোকানি জানান, বিকল্প শিশুখাদ্যগুলো যেন দোকানে ঢুকলেই সহজে সবার চোখে পড়ে, প্রতিষ্ঠানগুলো দোকানে তেমন একটি জায়গা বেছে নেয় এবং ওই জায়গায় সাজিয়ে রাখে। তাঁর দোকানেও তা-ই করা হয়েছে। বিনিময়ে প্রতি মাসে ওই দোকানি কিছু মাসোহারা ও বিনা মূল্যে কয়েক কৌটা দুধও পান। ফাতিমা পারভীন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিকল্প শিশুখাদ্যের অনুমোদন এখন অনেক কঠোর করা হয়েছে। অননুমোদিত শিশুখাদ্য ইচ্ছে করলেই কেউ বাজারজাত করতে পারে না। তিনি বলেন, ‘আমরা নিয়মিত বাজার পরিদর্শনে যাচ্ছি। অইন অমান্যকারীর বিরুদ্ধে মামলাও করছি।’ তবে মায়ের দুধের পক্ষে প্রচার আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।