দুর্যোগে শিশুর স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিকল্পিতভাবে কৃত্রিম শিশুখাদ্য ক্রয় ও সঠিকভাবে মোড়কজাত করতে হবে। এ ছাড়া দান হিসেবে কৃত্রিম শিশুখাদ্য গ্রহণ বন্ধ করতে হবে। দুর্যোগ পরিস্থিতিতে শিশুখাদ্য বিষয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সভার শেষ দিনে গতকাল শুক্রবার বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব প্রস্তাব করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২৪ আগস্ট এ সভা শুরু হয়েছিল। ইউনিসেফ এই সভার আয়োজন করে।সভা থেকে কৃত্রিম শিশুখাদ্যের বিপদ সম্পর্কে সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উদ্যোগে প্রণীত নির্দেশিকায় গণমাধ্যমের বিষয়টি আলাদা অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়।সভায় বাংলাদেশের প্রতিনিধিরা বলেছেন, দেশে জাতীয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে শিশুখাদ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জরুরি অবস্থায় শিশুখাদ্য বিষয়ে ইউনিসেফ, সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে যে যৌথ বিবৃতি তৈরি করা হয়েছিল, তা ব্যাপক প্রচারেরও উদ্যোগ নেওয়া হবে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞসহ কয়েকজন সাংবাদিক সভায় অংশ নেন। জরুরি পরিস্থিতিতে শিশুখাদ্য বিষয়ে ইউনিসেফের যে নির্দেশিকা আছে সভার পক্ষ থেকে তাতে কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গণমাধ্যমের বিষয়টি সম্পূর্ণ পৃথকভাবে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এর মূল কারণ গণমাধ্যম যেন জরুরি অবস্থায়ও শিশুকে মায়ের দুধ খাওয়ানোর পক্ষে তথ্য ও বার্তা উপস্থাপন করে এবং কৃত্রিম শিশুখাদ্যের পক্ষে ওকালতি না করে।সভার শেষ দিনে বলা হয়, দুর্যোগের সময় দান হিসেবে কৃত্রিম শিশুখাদ্য চলে আসে। অনেক দেশে এই দান সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষিত জনবল গড়ে তোলা দরকার। ইউনিসেফের নির্দেশিকায় গণমাধ্যম বিষয় অন্তর্ভুক্ত করার যে সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে জরুরি অবস্থায় শিশুখাদ্য বিষয়ে নিয়মিত গণমাধ্যমকে তথ্য দেওয়া, গণমাধ্যমকর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া, একজন মুখপত্রের মাধ্যমে সংবাদমাধ্যমে তথ্য দেওয়া, দুর্যোগের সময় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া এবং ওই সময় শিশুখাদ্য বিষয়ে একটি সর্বজনগ্রাহ্য সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করা ইত্যাদি।