কৃত্রিমভাবে উৎপাদিত মাদকের ব্যবহার বাড়ছে
দেশে কৃত্রিমভাবে উৎপাদিত মাদকের ব্যবহার বাড়ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, মাদকসেবীদের মধ্যে ইয়াবা, ফেনসিডিল ও শিরায় গ্রহণ করার বিভিন্ন মাদক গ্রহণের প্রবণতা বেশি। এর মধ্যে খুবই দ্রুত বাড়ছে ইয়াবার ব্যবহার। এসব মাদক বিভিন্ন রাসায়নিকের মিশ্রণে তৈরি হয়।জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) প্রকাশিত ‘আন্তর্জাতিক মাদক প্রতিবেদন-২০১০’ অনুযায়ী সারা পৃথিবীতেই প্রাকৃতিক উপাদান থেকে তৈরি মাদকের উৎপাদন কমেছে। দাম বেড়েছে। যেমন, হেরোইনের মূল উপাদান পপি এবং কোকেনের মূল উপাদান কোকার চাষ হচ্ছে এখন অনেক কম। ফলে এগুলোর জায়গা দখল করছে ইয়াবা (মেথাএমফিটামিন), ক্যাটামিনের মতো নতুন নতুন মাদক। বিষয়টি সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, কৃত্রিমভাবে উৎপাদিত মাদকের সরবরাহ ও ব্যবহার দমনের প্রস্তুতি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন প্রস্তাবনায় মাদক হিসেবে ব্যবহূত হতে পারে—এমন অনেক রাসায়নিকের নাম যোগ করা হচ্ছে।উদ্ধার করা মাদকের ধরন ব্যাখ্যা করে অধিদপ্তরের ঢাকা মহানগর উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ব্যবহারের দিক থেকে এখন ঢাকায় শীর্ষস্থানে রয়েছে গাঁজা। তবে কৃত্রিমভাবে উৎপাদিত মাদকের ব্যবহারই সবচেয়ে বেশি। তিনি বলেন, গাঁজার পর ব্যবহারের দিক থেকে পরবর্তী শীর্ষস্থানগুলোতে রয়েছে যথাক্রমে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও শিরায় গ্রহণ করার মতো বিভিন্ন ধরনের মাদক। এর মধ্যে বুপ্রেনঅরফিন গোত্রের লুপিজেসিক ও টিডিজেসিক ইনজেকশন বিশেষভাবে উল্লেখযোগ্য।কৃত্রিম মাদকের ব্যবহার বাড়ছে কেন: জাতিসংঘের উপরিউক্ত প্রতিবেদনে বলা হয়েছে, সহজ উৎপাদন পদ্ধতি ও কাঁচামালের সহজলভ্যতার কারণে ছোট ছোট গবেষণাগারে স্বল্প বিনিয়োগে ও গোপনে এসব মাদক তৈরি সম্ভব। কোনো একটি অঞ্চলের ভোক্তাদের লক্ষ্য করে সেই এলাকার আশপাশেই ওই সব গোপন গবেষণাগার স্থাপন করা হয়। ফলে ওই গবেষণাগারে উৎপাদিত মাদক দীর্ঘ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পাচার করতে হয় না। অল্প দূরত্বের মধ্যেই মাদকসেবীদের হাতে পৌঁছে যায় সেগুলো। আর প্রাকৃতিক মাদকগুলোর মূল উপাদানের চাষ কমে যাওয়া ও বহু দূরদূরান্তে পাচারে নানা প্রতিবন্ধকতার কারণে এগুলোর দাম বাড়ছে। ফলে মাদকসেবীরা এগুলো ছেড়ে কৃত্রিমভাবে উৎপাদিত মাদকের দিকে ঝুঁকছে।প্রতিবেদনে বলা হয়, নতুন মাদকের কোনো কোনোটির কাঁচামাল অনেক ক্ষেত্রে হাতের নাগালেই পাওয়া যায়। এগুলোর ব্যবহারও অনেক ক্ষেত্রেই অবৈধ নয়। অনেক দেশেই ওষুধ বা অন্য অনেক সামগ্রী তৈরির কাঁচামাল হিসেবে ওই সব উপাদান উৎপাদন বা আমদানি করা হয়। প্রতিবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, আফগানিস্তানের পপি থেকে হেরোইন উৎপন্ন হয়ে সেগুলো ইউরোপ বা আমেরিকায় যেতে যেতে দাম বেড়ে যায় অনেক গুণ। কিন্তু সেখানে কৃত্রিমভাবে উৎপাদিত মাদক অনেক কম দামে সরবরাহ করা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে (২০০৮ ও ২০০৯) বিশ্বে পপির উৎপাদন কমেছে ২৩ শতাংশ। শীর্ষ পপি উৎপাদনকারী দেশ আফগানিস্তান ও মিয়ানমারে এর উৎপাদন কমেছে। এ ছাড়া গত এক দশকে কোকেনের মূল উপাদান কোকার উৎপাদন কমেছে ২৮ শতাংশ। কোকা উৎপাদনে শীর্ষে থাকা কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি প্রভৃতি দেশগুলোতে মাদকবিরোধী অভিযানের কারণে উৎপাদন কমেছে। এশিয়ার ‘ইয়াবা’ কেন্দ্র মিয়ানমার: যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকাশিত ‘এশিয়া প্যাসিফিক ফোরাম ম্যাগাজিন’-এর (২০১১ সালের প্রথম সংখ্যা) তথ্যানুযায়ী, খরা ও বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারে পপি ও হেরোইনের উৎপাদন কমেছে। আর হেরোইনের জায়গা দখল করেছে ইয়াবা। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘুষ দিয়ে ছোট ছোট কারখানায় চলছে ইয়াবার উৎপাদন। এসব মাদক তৈরির জন্য বিশেষ কয়েকটি শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট ছোট গোপন গবেষণাগার। গতির ফাঁদে তরুণেরা: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জীবনের গতি বাড়াতে তরুণেরা ইয়াবার দিকে ঝুঁকছে। ইয়াবা সেবনের পর প্রথমে মনে হয় শরীরে অনেক শক্তি এসেছে, যৌনশক্তি বেড়ে গেছে, সব ক্লান্তি কেটে গেছে। ইয়াবার বিরূপ প্রভাব সম্পর্কে তিনি বলেন, এটি একটি উত্তেজক মাদক। এটি পুরো স্নায়ুতন্ত্রের ওপর প্রচণ্ড খারাপ প্রভাব ফেলে। স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাঠামো ও কার্যক্রম নষ্ট করে দেয়। এ ধরনের মাদকের প্রভাবে অনেক সময় মানুষ বদ্ধ পাগলের মতো আচরণ করে (সাইকোসিস সিনড্রম)। সেবনের পরপর অনেক ফুরফুরে লাগলেও এর প্রভাব কমে যাওয়ার পরই শরীরময় নেমে আসে রাজ্যের অবসাদ ও ক্লান্তি। এর ফলে মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) মতো শারীরিক অবস্থা সৃষ্টির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তিনি বলেন, কৃত্রিমভাবে উৎপাদিত মাদকের প্রভাব প্রাকৃতিক মাদকের চেয়ে অনেক বেশি।