কৃষক লীগ নেতার বখাটেপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সিরাজ রাঢ়ী। বয়স ৫৫ বছর। সংসারে এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বাড়ি চর সামন্তসার গ্রামে। এই নেতার বিরুদ্ধে সামন্তসার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে অপহরণ ও এসিড নিক্ষেপের হুমকি দিয়েছেন কৃষক লীগের ওই নেতা। এ ব্যাপারে ছাত্রীটির মা ওই নেতার বিরুদ্ধে গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মেয়েটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চর সামন্তসার গ্রামের বাসিন্দা দশম শ্রেণীর ওই ছাত্রীর মা দিনমজুরের কাজ করেন। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ও মাঝে-মধ্যে বাড়ি গিয়ে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন সিরাজ। সইতে না পেরে গত ২৫ এপ্রিল থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। গত ৪ মে সকালে সিরাজ ওই মেয়ের বাসায় গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি রাজি না হলে শ্লীলতাহানির চেষ্টা চালান সিরাজ। মেয়েটি তখন দৌড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় দেওয়ায় সিরাজ তখন ওই প্রতিবেশীর পরিবারের সদস্যদের হুমকি দেন। মেয়েটি বিয়েতে রাজি না হলে তাকে অপহরণ ও এসিড নিক্ষেপ করার হুমকি দিয়ে চলে যান সিরাজ। পরদিন মেয়েটির মা গোসাইরহাট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। কিন্তু গোসাইরহাট থানার পুলিশ এখনো লিখিত অভিযোগটি মামলা হিসেবে নেয়নি। সামন্তসার ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির মা ঘটনাটি আমাদের জানালে গত ২২ মে আমরা ইউনিয়ন পরিষদে সালিস বৈঠকের আয়োজন করি। সালিসকারীদের কেউ কেউ কিছু টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করলে মেয়েটির মা সালিস থেকে চলে যান।’কান্নাজড়িত কণ্ঠে দশম শ্রেণীর ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘সিরাজ রাঢ়ীর বয়স আমার বাবার চেয়েও অনেক বেশি। আমরা গরিব বলে প্রায়ই সে আমাকে বিভিন্ন খারাপ প্রস্তাব দিত। তাঁর প্রস্তাবে রাজি না হলে আমাকে তুলে মেরে ফেলার ও এসিড নিক্ষেপের হুমকি দিয়েছেন। তাঁর ভয়ে এক মাস ধরে বিদ্যালয়ে যাই না। বাড়িতেও একা থাকতে পারি না। মা কাজে গেলে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিই।’মেয়েটির মা বলেন, ‘ঘটনাটি গোসাইরহাট থানার ওসি, ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। পুলিশ আমাদের অভিযোগ মামলা হিসেবে নেয়নি। আবার সালিসেও ন্যায্য বিচার না পেয়ে চলে এসেছি।’ তিনি বলেন, ‘বিচার না হওয়ায় সিরাজ প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন আমাদের।’সামন্তসার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ফরাজী বলেন, ‘ওই ছাত্রী ও তার মা ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ করেছি। মীমাংসার চেষ্টা চলছে।’মেয়েটির প্রতিবেশী প্রথম আলোকে বলেন, ‘সিরাজ মেয়েটিকে একা বাড়িতে পেয়ে প্রায়ই উত্ত্যক্ত করেন। সে আমাদের বাড়িতে আশ্রয় নিলে সিরাজ আমাদের গালিগালাজ করেন, ভয় দেখান।’অভিযোগের ব্যাপারে সিরাজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। গতকাল বুধবার বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জানান, বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত, বিয়ের প্রস্তাব, সালিস বৈঠক—এসব কোনো কিছুই তিনি জানেন না। জানেন না তাঁর স্বামী কোথায় আছেন। তবে তিনি জানান, তিন-চার দিন আগে পুলিশ এসে তাঁর স্বামীর খোঁজ করেছে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা প্রথম আলোকে জানান, ‘মেয়েটির মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য এলাকায় পুলিশ পাঠিয়েছি। কিন্তু কয়েক দিন গিয়েও পুলিশ সিরাজ রাঢ়ীকে খুঁজে পায়নি।’ মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘একজন সম্মানীয় ব্যক্তি যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় সেটা তো উত্ত্যক্ত নয়। তাই ঘটনাটি আমরা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করেছি এবং সিরাজকে ধরার চেষ্টা করছি।’