কৃষককে এখন আর সারের পেছনে ছুটতে হয় না: মোশাররফ হোসেন
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এক বছর আগেও দেশের সাধারণ কৃষক সারের জন্য হন্যে হয়ে ছুটে বেড়াত। চালের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের অনেকেই না খেয়ে জীবন ধারণ করত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোনো কৃষককে আর সারের পেছনে ছুটতে হয়নি। এমনকি এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হাতের নাগালেই রয়েছে।মন্ত্রী আরও বলেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি একে একে যখন বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, ঠিক তখনই জামায়াত-শিবিরের মতো কিছু স্বাধীনতাবিরোধী দল দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু এসব অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো লাভ হবে না । গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী স্টেডিয়ামে মহাজোট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। বক্তব্য দেন ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজবাড়ী-১ আসনের সাংসদ প্রমুখ।