কৃষকদের বাজার ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা পাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের উৎপাদিত পণ্য রাজধানীতে সরাসরি বিক্রির জন্য পাঁচ মাস আগে গাবতলীতে নির্মাণ করা হয়েছে দেশের একমাত্র অত্যাধুনিক কেন্দ্রীয় কৃষক বাজারটি। তবে এখনো তা চালু হয়নি। নীতিনির্ধারক মহল এখন প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বাজারটিকে ফুল ব্যবসায়ী সমিতি, ফল ও সবজি রপ্তানিকারকদের কাছে ইজারা দেওয়ার চিন্তাভাবনা করছে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এপ্রিল মাসে কৃষি মন্ত্রণালয় উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এনসিডিপি) আওতায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে গাবতলীতে ১ দশমিক ২ একর জমির ওপর কৃষক বাজারটির নির্মাণকাজ শেষ করে। এর আগে এনসিডিপি প্রকল্পের আওতায় সারা দেশে ৬০টি উৎপাদক ও ১৬টি পাইকারি বাজার তৈরি করা হয়। বাজারগুলো পরিচালনার জন্য গঠন করা হয়েছিল ৫০০ কৃষক দল। তাদের উৎপাদিত পণ্য রাজধানীর কেন্দ্রীয় বাজারে সরাসরি নিয়ে আসার কথা ছিল। নদীপথে পণ্য পরিবহনের জন্য বাজারটি তুরাগ নদীর পাশে নির্মাণ করা হয়।সূত্র জানায়, বাজারটি কীভাবে চালু করা যায়, তা নির্ধারণ করতে কৃষি মন্ত্রণালয় থেকে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি এ পর্যন্ত দুই দফা সভা করেও বাজার চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বাজারটি চালু করার ব্যাপারে দায়িত্ব পাওয়া সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতি, কানসাট ফল ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক সমিতির সঙ্গে আলোচনা শুরু করেছে বলে কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে।কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, বাজারটি চালুর জন্য ফুল, ফল ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। তাঁরা বাজারটির বিভিন্ন অংশ ইজারা নেওয়ার জন্য যে আবেদন করেছেন, তা বিবেচনা করা হবে বলে তিনি জানান।বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক সমিতির সভাপতি এস এম জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, কৃষি মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে সমিতির পক্ষ থেকে পুরো বাজারটি ইজারা চাওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কমিটি বৈঠক করে খুব দ্রুত তাঁদের সিদ্ধান্ত জানাবে।কৃষিসচিব সি কিউ কে মোস্তাক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের স্থানীয় সংগঠনগুলোর পণ্য সরাসরি রাজধানীর বাজারে এনে বিক্রির জন্য গাবতলীর কেন্দ্রীয় বাজারটি নির্মাণ করা হয়েছে। রাজধানীর বাইরের বাজারগুলো ঠিকমতো চালু না হওয়ায় কেন্দ্রীয় বাজারটিও চালু করা সম্ভব হচ্ছে না। আগামী বছরের শুরুতে বাজারটি চালু করা সম্ভব হবে বলে তিনি জানান। তবে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিভিন্ন সমিতিকে ইজারা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।শীতলযন্ত্র কাজ করে না: কৃষিপণ্য সংরক্ষণে বাজারে নির্মিত ভবনের দ্বিতীয় তলায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট আয়তনের একটি কক্ষ নির্মাণ করা হয়েছে। সেখানে স্থাপন করা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি চালাতে দরকার গ্যাসের। প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ না থাকায় তা-ও চালু করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষি মন্ত্রণালয়কে জানানো হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণের জন্য বর্তমান যন্ত্রটি পাল্টে ডিজেলচালিত যন্ত্র স্থাপন করতে হবে। এ জন্য এ খাতে আরও এক কোটি টাকা প্রয়োজন। এই টাকা না পাওয়ায় শীতাতপ নিয়ন্ত্রণকক্ষ আদৌ চালু করা যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।জানা গেছে, বাজারে কৃষকদের পণ্য আনার জন্য প্রতিটি ৩১ লাখ টাকা ব্যয়ে মোট ছয়টি শীতল ভ্যান (কুলিং ভ্যান) কেনা হয়েছিল। বর্তমানে তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পড়ে আছে। ভ্যানগুলো ইজারা নেওয়ার জন্য সবজি রপ্তানিকারক সমিতি আগ্রহ দেখিয়েছে বলে কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে। সংগঠনটি গাবতলী থেকে সরাসরি বিমানবন্দরে সবজি পরিবহন করতে এই ভ্যানগুলো ব্যবহার করবে বলে জানা গেছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারে পণ্য নিয়ে আসার জন্য তৈরি সংযোগ সড়কটি ইট-পাথর ব্যবসায়ীরা দখল করে রেখেছেন। বাজারের সঙ্গে যুক্ত ঘাটটি পাথর ও বালু নামানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বাজারের সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।