কৃষকদের মধ্যে কৃষিকার্ড বিতরণ করলেন মতিয়া চৌধুরী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের মানুষ কোনো না কোনো কিছু পায়। ১৯৭০ সালে দেশের মানুষ বঙ্গবন্ধুকে ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, আর ২০০৮ সালে শেখ হাসিনাকে ভোট দিয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে। তিনি আজ বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় কৃষকদের মধ্যে ডিজেল ভর্তুকি চেক ও কৃষিকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আল্লাহ জন দেখে ধন দেন।’ দেশের কর্ণধার ভালো হলে দেশ উন্নতির সোপান বেয়ে উঠতে থাকে। খারাপ হলে অধঃপতনে যায়।কৃষিমন্ত্রী কৃষিকার্ডকে কৃষকদের পরিচয়পত্র হিসেবে উল্লেখ করে বলেন, এই কার্ড কৃষকদের জন্য বর্তমান সরকারের একটি উপহার। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নাসিরউজ্জামান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বানেস আলী মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন কৃষকের মধ্যে কৃষিকার্ড বিতরণ করা হয়। এর পাশাপাশি শেরপুরের পাঁচটি উপজেলার প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকের মধ্যে ডিজেল ভর্তুকি হিসেবে ১৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়।এ ছাড়া কৃষিমন্ত্রী নালিতাবাড়ি উপজেলার কালিনগর গ্রামে ভোগাই শাখা নদীসংলগ্ন এলাকায় একটি সৌর বিদ্যুত্চালিত সেচ প্রকল্প পরিদর্শন করেন।