কৃষকদের ৬০ লাখ টাকার সার-বীজ দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি বীজ কোম্পানিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ৬০ লাখ টাকার সার ও বীজ দেওয়ার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ওই কোম্পানিগুলোর বীজ কিনে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখা থেকে গতকাল মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছর এনার্জি প্যাক এগ্রোর হাইব্রিড ধান ঝলক, মেসার্স মেটাল এগ্রোর হাইব্রিড ধান সারথি-১৪ এবং বহুজাতিক কোম্পানি সিনজেনটার টমাটো বীজ ব্যবহার করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। দেশের বিদ্যমান আইনে বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের সরাসরি আর্থিক ক্ষতিপূরণের কোনো বিধান নেই। এর ফলে ক্ষতিপূরণ হিসেবে আগামী মৌসুমে বিনা মূল্যে বীজ ও সার দেওয়ার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এই তিনটি কোম্পানি দুই হাজার বিঘা জমিতে প্রদর্শনী প্লট করে বীজ তৈরি করে তা কৃষকদের মধ্যে বিনা মূল্যে সরবরাহ করবে। গতকাল মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে বলা হয়েছে, মেটাল এগ্রো বরিশালের আগৈলঝাড়া ও নাটোরের চাচকৈর উপজেলায়, এনার্জিপ্যাক এগ্রো গাজীপুর, বরিশাল, শেরপুর, নোয়াখালী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় এবং সিনজেনটা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রদর্শনী প্লট তৈরি করবে। কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক প্রথম আলোকে বলেন, দেশের প্রচলিত আইনে বীজ কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা না থাকায় এভাবে কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিতরণপ্রক্রিয়া তদারকি করবে। অর্থের হিসাবে প্রায় ৬০ লাখ টাকার কৃষি উপকরণ এই তিন কোম্পানি কৃষকদের দেবে বলে তিনি জানান। সিনজেনটা কোম্পানি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ক্ষতিগ্রস্ত দেড় হাজার কৃষককে ২০ গ্রাম করে টমাটো বীজ দেবে। আর নোয়াখালী, গোপালগঞ্জসহ দেশের অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত দুই হাজার কৃষককে দুই কেজি করে ধানবীজ, ২৫ কেজি ইউরিয়া, ১০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১৫ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার সরবরাহ করবে। গত বছর রাজশাহী অঞ্চলে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বহুজাতিক কোম্পানি সিনজেনটার সবল জাতের টমাটো চাষ করে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাঁদের উৎপাদিত টমেটো অপরিণত অবস্থায় নষ্ট হয়ে যায়। এরপর বোরো মৌসুমে এনার্জি প্যাক এগ্রোর ঝলক জাতের হাইব্রিড ধানের চাষ করে কুমিল্লা, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও নোয়াখালীর কৃষকেরা ঘরে ফসল তুলতে পারেননি। সিনজেনটা বাংলাদেশের পরিচালক (প্রশাসন) সাইদুল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘সরকারের চিঠি পাওয়ামাত্র আমরা স্থানীয় জেলা প্রশাসনের কাছে সার ও বীজ সরবরাহ করেছি।’ এনার্জি প্যাকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস বি নাসিম প্রথম আলোকে বলেন, ‘বোরো মৌসুমে আমরা মাত্র ৭৫ টন বীজ বিক্রি করেছি। এর মধ্যে ১০ শতাংশ বীজ কিনে কৃষক আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা জেলা প্রশাসনের কাছে সার ও বীজ সরবরাহ করেছি।’