কৃষকলীগ নেতার বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে কুমার নদ থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদের পাড়ে অবস্থিত মন্দির, বৈদ্যুতিক খুঁটি, বাড়িঘরসহ অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী ওই স্থাপনাগুলো রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধ করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নদী থেকে তোলা ওই বালু দিয়ে গ্রামের বাসিন্দা মধুখালী উপজেলা বিআরডিবি কার্যালয়ের কনিষ্ঠ কর্মকর্তা আনন্দ সাহার ১০ শতাংশ আয়তনের প্রায় আট-দশ ফুট গভীর একটি পুকুরভরাটের কাজ চলছে। ঠিকাচুক্তিতে ড্রেজার দিয়ে ওই বালু উত্তোলনের কাজ করছে নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শ্যামাপদ দাসের স্বত্বাধিকারী পৌর সদরের দক্ষিণ শিবপুর (আঁধারকোঠা) গ্রামের সমীর কুমার দাস ওরফে মানিক। তিনি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার মো. মিজানুর রহমান মৃধা ওরফে মিলনের ব্যবসায়িক অংশীদার।১৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, কুমার নদের বালু উত্তোলনের স্থান থেকে কয়েক শ গজ দূরে রয়েছে বোয়ালমারী-ময়েনদিয়া সংযোগ সেতু। নদীর পাড়ে থাকা শ্রীনগর মধ্যপাড়া বারোয়ারী মন্দির, সেতু, আশপাশের বাড়িঘরসহ অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে।এ ব্যাপারে আনন্দ সাহা বলেন, ‘জমিটি আমার স্ত্রী মিনুরানী সাহার নামে। ওখানে বাড়ি করার জন্য পুকুরটি ভরাট করা প্রয়োজন। তাই আমি পুকুর ভরাট করতে ড্রেজারের মালিক মানিকের সঙ্গে ৮৫ হাজার টাকায় চুক্তি করি। চুক্তি অনুযায়ী বাইরে থেকে ট্রাকে করে মাটি ও বালু এনে পুকুর ভরাট করার কথা। কিন্তু তিনি আমাকে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তাব দিলে আমি এতে সম্মতি দিই। পুকুরটি ভরাটে প্রায় সোয়া শ (১২৫) ট্রাক বালুর দরকার হবে।’ঠিকাদার সমীর কুমার দাস বলেন, ‘আট-দশ দিন ধরে ড্রেজার বসিয়ে নদীর ওই স্থান থেকে বালু উত্তোলনের কাজ করছি। নদী থেকে বালু তুলতে সরকারি অনুমতির জন্য ঘোরাঘুরি করেও তা পাইনি। তাই অনুমতি ছাড়াই কাজ শুরু করেছি।’উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা বলেন, ‘ওই ড্রেজারে আমার অংশীদারি রয়েছে। ওখানে ঝামেলা হলে মেশিন প্রয়োজনে অন্য কোথাও কাজ করবে।’বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘শ্রীনগরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল বলেন, ‘আমি পরমেশ্বরদী ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ওই কাজ বন্ধ করে ড্রেজারসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছি। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমার কার্যালয়ে হাজির হয়ে যথাযথ জবাব দেওয়ার জন্য মৌখিকভাবে খবর পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’