কৃষকের চাই সবজি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র
সিলেট সদর উপজেলার অনন্তপুরের আবদুল মুকতাদির এক একর জমিতে ২৯ হাজার টাকা খরচ করে টমেটো ও বেগুনের চাষ করেছিলেন। আমতইল মাঠে তাঁর চাষাবাদ। মৌসুম শেষ হতে চলেছে, অথচ খরচ হওয়া ২৯ হাজার টাকার মধ্যে মাত্র সাত হাজার টাকা উঠেছে। দিঘিরপাড়ের সাবাজ আলী বছরব্যাপী টমেটোর চাহিদার বিষয়টি মনে করে এক ধরনের আক্ষেপ করে উঠলেন। কথা প্রসঙ্গে বর্তমান বাজারদর আর মাসখানেক পর বাজারদরকে নিজের কাছে এক ধরনের স্বপ্ন বলে জানালেন।কান্দিগাঁওয়ে গিয়ে দেখা গেছে, টমেটোর দরপতনের সঙ্গে সবজিজাত ফসল বাঁধাকপি ও বেগুনও রয়েছে। কৃষকের বধূরা খেত থেকে বেগুন তুলে তা বাজারে পাঠাতে ব্যস্ত। দাম পড়ে গেছে। এক কেজি বেগুন তিন টাকা, আর দুই থেকে তিন কেজি ওজনের একটি বাঁধাকপি বিক্রি হচ্ছে পাঁচ টাকায়।মাঠে বসে আলাপ হওয়া আলী গ্রামের আবদুল শুকুর ও কান্দিগাঁওয়ের আসকর আলী এলাকায় হিমাগারের প্রয়োজনীয়তার কথা জানালেন। তাঁদের ভাষ্য, এক মাস পর এই এক টাকা দরের টমেটো ১০০ টাকা হবে। কিন্তু তখন তাঁদের কাছে আর টমেটো থাকবে না। তাই তাঁরা সবজি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনেরও দাবি জানান।