কৃষকের জন্য ৪৪ কোটি টাকার প্রণোদনা
সরকার আউশ ধান চাষে উত্সাহ দিতে ৪৩ কোটি আট লাখ ৯২ হাজার ৫০০ টাকার প্রণোদনা-সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তিন লাখ ৩২ হাজার ৫০০ কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে।আজ বুধবার কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ সব কথা জানান।মন্ত্রী জানান, এই সহায়তার আওতায় প্রত্যেক কৃষক বিনা মূল্যে গড়ে এক হাজার ২৯৬ টাকার বীজ ও সার পাবেন। কৃষি মন্ত্রণালয় আশা করছে, এই সহায়তা দেওয়ার ফলে আউশ ধানের উত্পাদন এক লাখ ১১ হাজার মেট্রিক টন বাড়বে, যার মূল্য ৩২১ কোটি ৯০ লাখ টাকা।মতিয়া চৌধুরী বলেন, আউশ ধানের আবাদ মূলত বৃষ্টিনির্ভর। সামান্য সেচে আউশ উত্পাদন সম্ভব। এর উত্পাদন খরচও কম। তাই গম বা রবিশস্য কাটার পর জমি ফেলে না রেখে আউশ ধানের আবাদ করা যায়।কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের উত্পাদিত ধানের বেশির ভাগই আসে বোরো থেকে। কিন্তু বোরো আবাদে প্রচুর সেচের প্রয়োজন। এতে ভূগর্ভস্থ পানির স্তরও দিন দিন নিচে নেমে যাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তাই সরকার আউশ আবাদে কৃষকদের উত্সাহী করতে এই প্রণোদনার ব্যবস্থা করেছে।’দেশের দক্ষিণাঞ্চলই কৃষির ভবিষ্যত্ উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অঞ্চলে কৃষির উন্নয়নে সরকার ৫৪ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নিয়েছে। এতে দেশের ধান উত্পাদন বোরো থেকে সরে আউশ ও আমননির্ভর হবে বলে তিনি আশা করেন। এই সহায়তার আওতায় প্রতি বিঘা জমির জন্য প্রতি কৃষককে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।