কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন সরকার
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, এ বছর চালের উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু মধ্যবর্তী দালালদের কারণে কৃষক চালের ন্যায্য দাম পাচ্ছেন না। এ বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন।খাদ্যমন্ত্রী বলেন, এক হিসাবে দেখা যায় প্রতি কেজি চাল উত্পাদনে কৃষকের খরচ হয়েছে ১৬ টাকা। সরকার ১৮ টাকা দরে তা কেনার সিদ্ধান্ত নিয়েছে। ‘আমরা মনে করি এটি যথেষ্ট দাম। তবে এ দাম কৃষকের কাছে কতটা পৌঁছাবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’ আজ সোমবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি’ নিয়ে এক গবেষণা-বিষয়ক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।আউশ ও আমনের পর এ বছর বোরোর আবাদ খুব ভালো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের গুদামগুলো চালে পরিপূর্ণ। আমাদেরকে নতুন করে চাল কেনার আগে গুদামগুলো খালি করতে হবে।’ বর্তমান সরকার খোলা বাজারে ১২ লাখ মেট্রিক টন চাল বিক্রি করেছে। এ ক্ষেত্রে এটি রেকর্ড বলে দাবি করেন মন্ত্রী। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনা বলেন, বাংলাদেশ চলতি বছর চাল উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে কেবল উত্পাদন করলেই হবে না, সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। কৃষি উত্পাদনে বাংলাদেশ বৈচিত্র্য আনার চেষ্টা করছে, যাতে খাদ্যে প্রয়োজনীয় আমিষ, ভিটামিন ও খনিজ সহজলভ্য হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে এফওউব্লিউয়ের প্রতিনিধি ডোমেনিক বার্গন, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব বরুণ দেব মিত্র প্রমুখ।