কৃষকের পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনটি ভেজাল সার, কোনটিই বা আসল—তা ওই গ্রামের অনেক কৃষকই জানেন। জানেন ভেষজ কীটনাশক দিয়ে কী করে জমির ফসল ও সবজি রক্ষা করা যায়। তাঁরা জানেন কোন জাতের গাভির দুধ সরস, কীভাবে মজা পুকুর সংস্কার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে ভালো ফল মেলে। এসব জানানোর জন্য কোনো কৃষি, মত্স্য বা পশুপালন কর্মকর্তা বা বিশেষজ্ঞের কাছে ধরনা দিতে হয় না তাঁদের। বই পড়ে সরাসরি জ্ঞান আহরণ করে তা কাজে লাগান তাঁরা। এ জন্য নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রামে কৃষকদের জন্য একটি বিশেষ পাঠাগার রয়েছে। এটি হচ্ছে ‘শাহ কৃষি তথ্য পাঠাগার’। পাঠাগারটি গড়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শাহ (৪৫)। গ্রামের কৃষকদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পাঠাগার। আশপাশের গ্রামগুলোর কৃষকেরাও হচ্ছেন এই উন্নয়নের অংশীদার।ঝোঁক থেকে প্রেরণা: নওগাঁ শহর থেকে ৪০ কিলোমিটার ও মান্দা সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে নিভৃত পল্লি কালিগ্রাম। ওই গ্রামের মানুষ জাহাঙ্গীর আলম শাহ। চাকরিসূত্রে তিনি থাকেন রাজশাহী। জাহাঙ্গীর আলম শাহ জানান, কৃষির প্রতি বেশ ঝোঁক তাঁর শৈশব থেকেই। সুযোগ পেলেই তিনি কৃষিবিষয়ক বই জোগাড় করে মন দিয়ে পড়তেন। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক মাঈন উদ্দিনের কাছ থেকে তিনি বই জোগাড়ের উত্সাহ পান। ক্রমে তাঁর কৃষি ও মত্স্যসম্পদসহ বিভিন্ন বিষয়ে অনেক বইয়ের একটা মজুদ তৈরি হয়। তথ্যনির্ভর এসব বই একসঙ্গে কোথাও পাওয়া যায় না। এ জন্য পাঠাগার করার কথা ভাবেন। লক্ষ্য, কৃষকদের কৃষিবিষয়ক তথ্য জানানো ও বিজ্ঞানসম্মত চাষবাসে সহযোগিতা করা। নিজের জমিতে উত্পাদিত দেড় হাজার শিশুগাছের চারার জন্য ১৯৯৩ সালে নওগাঁ জেলার দ্বিতীয় সেরা চাষির পুরস্কার পান তিনি। এই প্রাপ্তি তাঁকে পাঠাগার প্রতিষ্ঠার ব্যাপারে আরও প্রেরণা জোগায়। নিরলসভাবে তিনি এগিয়ে যান সেই লক্ষ্যের দিকে। ২০০৮ সালের ১৮ এপ্রিল নিজ বাড়ির একটি ঘরে আলম শাহের ব্যক্তিগত উদ্যোগে গড়া এই পাঠাগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের তত্কালীন অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম। এয়ার কমোডর (অব.) গোলাম তৌহিদ এ সময় উপস্থিত ছিলেন। পাঠাগারের পরিদর্শন বইয়ে খোরশেদ আলম লেখেন, ‘একজন শিক্ষক হিসেবে সমাজের দায়িত্ব পালনের এই বিরল দৃষ্টান্ত সমসাময়িক একজন আদর্শ শিক্ষকের ভূমিকায় জাহাঙ্গীর আলমকে প্রতিষ্ঠিত করবে বলে আমার বিশ্বাস।’পাঠাগারটি এখন এলাকার কৃষকদের ঘরে জ্ঞানের আলো ছড়াচ্ছে। এতে এখন প্রায় দেড় হাজার বই রয়েছে বলে জাহাঙ্গীর আলম শাহ জানান।পাঠাগারে একদিন: গত ৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম শাহের বাড়িতে গিয়ে দেখা যায়, চারদিক গাছগাছালিতে ভরা। ৪৪ রকমের ফল গাছ সেখানে। অনেক গাছেই ধরে আছে নানা জাতের ফল। ১২ রকমের ঔষধি গাছও আছে। রয়েছে কয়েক রকমের মসলার গাছ। বাড়ির পাশে এক একর আয়তনের একটি পুকুর। এতে চলছে মাছচাষ। এভাবে গাছ লাগানো ও মাছ চাষে গ্রামের কৃষকদের হাতে-কলমে জ্ঞান দেওয়ার আয়োজনও নিজ বাড়িতে রেখেছেন জাহাঙ্গীর আলম।একটি মাটির ঘরে সাজানো হয়েছে পাঠাগার। কৃষকদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে পাঠাগারের বারান্দায় বেশ কিছু পোস্টার ও তালিকা টাঙানো রয়েছে। সেখানে রয়েছে, কীভাবে লক্ষণ দেখে ভালো দুধ দেওয়া গাভি চেনা যায়। আরও রয়েছে ভেজাল সার চেনার উপায়। পাঠাগারের ভেতর তাকে সারি সারি বই ও সাময়িকী। কৃষিবিষয়ক বিভিন্ন বই তো আছেই, মাছচাষ, পশুপালনের বইয়েরও অভাব নেই। এ ছাড়া অন্যান্য বিষয়ে তথ্যমূলক বই রয়েছে। গরিব শিক্ষার্থীদের পড়ার সুযোগ দিতে রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই। গৃহনির্মাণের কলাকৌশল সম্পর্কিত বইও রয়েছে পাঠাগারে।জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই লিপটন শাহ এই পাঠাগারের দেখভাল করেন। তিনি জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে। পাঠাগারে ভর্তি হতে হয় না। মাসিক চাঁদাও দিতে হয় না। বই বাড়িতে নিয়ে পড়ার নিয়ম নেই। পাঠাগারের ভেতর চেয়ার, চৌকি ও মোড়ায় বসে দিনভর পড়া যায়। যাঁরা পড়তে জানেন না, তাঁরা পরিচিত কাউকে দিয়ে পড়িয়ে তা শোনেন।পাঠাগারের কার্যক্রম দেখে উত্সাহিত হয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পশুসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতি সোমবার একজন করে কর্মকর্তা এসে কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। ৭ ডিসেম্বর পরামর্শ দিচ্ছিলেন উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুস সালাম। তিনি বলেন, ‘একটি প্রত্যন্ত গ্রামে এমন কৃষি তথ্য পাঠাগার স্থাপন করে জাহাঙ্গীর আলম শাহ কৃষকদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখছেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানাই।’ সেখানে গোয়ালের গাভির সমস্যার ব্যাপারে পরামর্শ নিতে আসেন গ্রামের কৃষক মাহাবুবুল আলম। কামরুল ইসলাম আসেন গরু মোটাতাজাকরণ বিষয়ে পরামর্শ নিতে। এলাকার মাছচাষি সারফিন শাহ বলেন, ‘এই পাঠাগার থেকে মাছচাষ ও কৃষি বিষয়ে আমরা প্রয়োজনীয় সব পরামর্শ পাই। এখন আমরা মাছের শীতকালীন পরিচর্যার জন্য পরামর্শ নিচ্ছি।’গ্রামের কৃষক শামসুর রহমান বলেন, পাঠাগারের বই পড়ে তাঁরা এখন মানসম্মত ধানের বীজ উত্পাদন করছেন। বিভিন্ন প্রতিষ্ঠান এসব বীজ কিনে নেয়। গতবার তিনি প্রায় ২৫০ মণ বীজ বিক্রি করেছেন।পাঠাগারে কৃষকদের কৃষি, মত্স্য ও পশুপালন বিষয়ে হাতেকলমে জ্ঞান দেওয়ার জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় কৃষি দিবসে কৃষকদের উত্সাহিত করতে ভালো কৃষক, ভালো হালচাষি, ভালো শ্রমিক, ভালো বীজতলা প্রস্তুতকারকসহ মোট আটটি শ্রেণীতে ১১টি পুরস্কার দেওয়া হয়।কৃষি বিষয়ে আরও উচ্চতর পরামর্শ নেওয়ার জন্য কৃষিবিদদের টেলিফোন নম্বর, উপজেলার সব প্রশাসনের কার্যালয়ের টেলিফোন নম্বর, হাসপাতাল, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে যোগাযোগের টেলিফোন নম্বর রয়েছে। পরিদর্শনে বিদেশিরা: পাঠাগারের কর্মকাণ্ডের কথা শুনে কৌতূহল মেটাতে বিদেশ থেকে আসা বেশ কয়েকজন গুণীজন সেখানে গেছেন। গত ১০ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজে একটি সেমিনারে এসেছিলেন আমেরিকার বেক্স স্টার করপোরেশনের পরিচালক ও কিডনি বিশেষজ্ঞ স্টিভেন গেস্ট। ওই পাঠাগারের কথা শুনে তিনি না গিয়ে পারেননি। গত ২৫ ডিসেম্বর তিনি জাহাঙ্গীর আলম শাহর কাছে পাঠানো ই-মেইল বার্তায় ওই পাঠাগারের জন্য বই পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেন। গত ২০ অক্টোবর জাপানের একটি প্রতিনিধিদল একইভাবে পাঠাগার পরিদর্শনে যায়। এ দলে ছিলেন কাতাসু হিরো ইয়ামসিতা ও তাঁর স্ত্রী সেইকো ইয়ামসিতা। তাঁদের সঙ্গে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রধান মল্লিকা ব্যানার্জি। পাঠাগারের পরিদর্শন বইয়ে তাঁরা এই কাজকে একটি চমত্কার উদ্যোগ বলে উল্লেখ করেন। গত ৪ জুন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক মাসুদুর রহমান ওই পাঠাগারে গিয়ে এর কার্যক্রম দেখে মুগ্ধ হন। গত জুলাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর মহাদেবপুর কার্যালয়ের উদ্যোগে স্থানীয় কৃষকদের বাসভর্তি করে ওই পাঠাগার পরিদর্শনে আনা হয়। এর কার্যক্রম দেখে কৃষকেরা খুব উত্সাহিত হন।