বালুবোড়া সাপটি অতি দুর্লভ। দেখাই মেলে না বলতে গেলে। প্রখ্যাত বন্য প্রাণীবিশেষজ্ঞ কাজী জাকের হোসেন ১৯৯৮ সালের জুলাই মাসে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে দুই ফুট লম্বা একটি মৃত বালুবোড়া সাপ সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে নিয়ে আসেন। এরপর একটি বালুবোড়া সাপ উদ্ধার করেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের কর্মকর্তা নরসিংদীর সরওয়ার পাঠান। জানামতে, স্বাধীনতার পর এই দুটি ছাড়া বালুবোড়া সাপ দেখার খবর পাওয়া যায়নি।সেটি ছিল ২০০৩ সালের ডিসেম্বর মাসের ২ তারিখের ঘটনা। নরসিংদীতে জনতার কবলে পড়েছিল অজগরের মতো দেখতে এই সাপটি। সরওয়ার পাঠান ও তাঁর সঙ্গী আরিফ, শাহেদ, শামীম মিলে সাপটি উদ্ধার করেন। তাঁরা যে একটি অতি দুর্লভ প্রজাতির সাপ জনতার কবল থেকে রক্ষা করেছেন, তা জানতেন না। সাপটি উদ্ধার করে তাঁরা আমাকে খবর দিয়েছিলেন সঙ্গে সঙ্গে। ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখে আমি চমকে যাই। কারণ, সেটি ছিল অতি দুর্লভ বালুবোড়া। সাপটি শনাক্ত করে তাঁদের পরামর্শ দিয়েছিলাম ওটার যত্ন নিতে এবং খাবারের ব্যবস্থা করে সুস্থ করে তুলতে। বিভিন্ন পত্রিকায় সেই দুর্লভ বালুবোড়া সাপের সচিত্র সংবাদ প্রকাশিত হয়।পরে সুস্থ হয়ে উঠলে সাপটির মাপজোক নেওয়া হয়েছিল। লেজসহ লম্বা ঠিক ৬০ সেন্টিমিটার। শুধু লেজ ৫ সেন্টিমিটার। গলার বেড় প্রায় ৬ সেন্টিমিটার। পিঠের বেড় ৭ সেন্টিমিটার। লেজের গোড়ার বেড় ৪ সেন্টিমিটার। সে বছরই এপ্রিল মাসের এক চাঁদনীরাতে দূরের এক গজারিবনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল সাপটিকে। এর আগে বালুবোড়াকে গড়ে ১০ দিন অন্তর একটি করে ধেনো ইঁদুর বা ব্যাঙ খেতে দেওয়া হতো। ছিল আরামে। ছিল শীতনিদ্রার আমেজে।বালুবোড়া নিরীহ, নির্বিষ, শ্লথগতির সাপ। ইঁদুর এদের প্রধান খাদ্য বলে এরা কৃষকের বন্ধু বলে পরিচিত। এই অতি বিরল সাপটির ইংরেজি নাম Common sand Boa. স্ত্রী সাপ লম্বায় সাধারণত এক মিটার হয়। পুরুষটি ছোট হয় একটু। অজগরের মতো এরাও ওত পেতে থেকে শিকার করে। এদের খাদ্য তালিকায় ধেনো ইঁদুর ছাড়াও আছে ভরত-পিপিট-ধলটুনি জাতীয় পাখি ও ওদের ডিম-ছানা, ব্যাঙ ইত্যাদি। এরা শিকারকে কাবু করে শরীরের প্যাঁচে ফেলে।এর আগে আমি জীবনে শুধু একবার বালুবোড়া দেখেছিলাম—বাবার কর্মস্থল শরণখোলায়, ১৯৬৬ সালে। স্থানীয় কয়েকজন বাওয়ালি একটি সাপকে মেরে বীর বেশে দেখিয়ে বেড়াচ্ছিল সবাইকে। বালুবোড়ার আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই সাপ ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। একত্রে ৫-৭টি বাচ্চা দেয়। জন্মের সময় বাচ্চারা থাকে ৪-৫ ইঞ্চি লম্বা। বালুবোড়াকে অনেক সময় শিশু অজগরও বলা হয়।