বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচপাম্প ব্যবহারকারী কৃষকদের ভর্তুকি দেওয়ার পরও ভোলায় বোরোজমিতে সেচের খরচ কমছে না। এ বছর নানা অজুহাতে সেচ ব্যবস্থাপকেরা টাকা বাড়িয়ে নিচ্ছেন। ফলে কৃষককে দেওয়া ভর্তুকির টাকা চলে যাচ্ছে সেচ ব্যবস্থাপকদের পকেটে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর সেচ ব্যবস্থাপকেরা বেশি টাকা চেয়েছেন। এলাকাভেদে এই বৃদ্ধি প্রতি ৮ শতাংশ জমিতে (এক গণ্ডা) ৩০ থেকে ৫০ টাকা। সেচের খরচ বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে ডিজেলচালিত সেচপাম্পের ব্যবস্থাপকেরা জানান, এবার ডিজেলের দাম বেড়েছে। তা ছাড়া বৃষ্টি না হওয়ায় বেশি সেচ দিতে হচ্ছে। আর বিদ্যুৎচালিত সেচপাম্পের ক্ষেত্রে ব্যবস্থাপকদের কেউ কেউ শুধু বৃষ্টি না হওয়াকে দায়ী করেছেন। অবশ্য স্থানীয় কয়েকটি ডিজেল বিক্রয়কেন্দ্রের মালিকেরা জানান, ডিজেলের দাম বাড়েনি। এলাকাভেদে সর্বোচ্চ ৪৬ টাকায় ডিজেল পাওয়া যাচ্ছে। বরং গত বছর সেচকাজ শুরুর প্রথম দিকে ৪৮ থেকে ৫০ টাকায় ডিজেল বিক্রি হয়েছে। জেলা কৃষি কর্মকর্তা আশরাফ আলী খান প্রথম আলোকে বলেন, সেচ ব্যবস্থাপকেরা যে মূল্য নিচ্ছেন তা খুবই বেশি। এর থেকে বাড়ানোর কারণ থাকতে পারে না।জেলা প্রশাসক মেজবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। সেচ ব্যবস্থাপকেরা যেন কোনোভাবেই অতিরিক্ত অর্থ কৃষকের কাছ থেকে নিতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।’প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, একরপ্রতি খরচের সরকারি হিসাবের সঙ্গে সেচ ব্যবস্থাপকদের হিসাবে বিস্তর ফারাক রয়েছে। কৃষকদের কাছে ব্যবস্থাপকেরা নিজস্ব হিসাব তুলে ধরে অতিরিক্ত খরচ নিচ্ছেন।ডিজেলচালিত সেচযন্ত্র: সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বারাইপুর গ্রামের সেচ ব্যবস্থাপক আবদুল মালেক জানান, ২৪ একর জমির জন্য এক মৌসুমে তেলের খরচ ১৮ হাজার ৪০০ টাকা, সেচনালা খননের খরচ ১৫ হাজার, সংস্কারের খরচ চার হাজার, পাম্প মেশিনের ভাড়া ১২ হাজার এবং তদারককারীর বেতন বাবদ খরচ ১২ হাজার টাকা। মোট খরচ ৬১ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একরপ্রতি খরচ সর্বোচ্চ দুই হাজার ৫৫৮ টাকা।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (সেচ শাখা) হিসাব অনুযায়ী ডিজেলচালিত পাম্প মেশিনে একরপ্রতি খরচ এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা। তবে চরাঞ্চলে যেখানে জোয়ারের পানি ওঠে, সেখানে এ খরচ অর্ধেক। লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের কৃষক হামিদ আলী জানান, গত বছর প্রতি গণ্ডা জমির জন্য ৩৫০ টাকা দিয়েছেন। অর্থাৎ ওই ইউনিয়নে প্রতি একর জমিতে সেচের জন্য কৃষকের খরচ হয়েছে চার হাজার ৩৭৫ টাকা। এবার প্রতি গণ্ডায় ৪০ থেকে ৫০ টাকা বাড়তে পারে। চর এলাকা রমাগঞ্জে ৩০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। জেলার দুই লাখ নয় হাজার ১৭৮ জন কৃষক ডিজেলে ভর্তুকি পাচ্ছেন। কৃষকদের মধ্যে যাঁদের জমি আড়াই একরের মধ্যে, তাঁরা ৮০০ টাকা করে ভর্তুকি পাচ্ছেন। আর যাঁদের জমি আড়াই একরের ওপরে কিন্তু সাড়ে সাত একরের নিচে, তাঁরা পাচ্ছেন এক হাজার টাকা করে। অর্থাৎ আড়াই একর জমির মালিককে এবার সেচের জন্য অতিরিক্ত ৯৩০ থেকে এক হাজার ৫৫০ টাকা পর্যন্ত বেশি ব্যয় করতে হবে।বিদ্যুৎচালিত সেচযন্ত্র: পশ্চিম ইলিশা গ্রামের সেচ ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ৮০ একর জমিতে পানি দিতে এক মৌসুমে বিদ্যুতে খরচ হবে ১০ হাজার ৬৫ টাকা, সেচনালা খনন ৫০ হাজার, মেশিন ভাড়া ১৫ হাজার এবং শ্রম ও সংস্কার খরচ ২৫ হাজার টাকাসহ মোট খরচ হয় এক লাখ ৬৫ টাকা। অর্থাৎ একরে সেচের খরচ এক হাজার ২৫০ টাকা। আর সরকারি প্রতিষ্ঠান বিএডিসির হিসাব অনুযায়ী বিদ্যুৎচালিত সেচযন্ত্রে একরপ্রতি সর্বোচ্চ খরচ ৭০০ থেকে ৭৫০ টাকা।আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের কৃষক বাবুল সরকার জানান, সেচ ব্যবস্থাপক শহিদুল ইসলাম গত বছর একরপ্রতি চার হাজার ৩৭৫ টাকা নিয়েছেন। এ বছর পাঁচ হাজার টাকা দাবি করেছেন। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর টগবী গ্রামের বোরো কৃষক লুত্ফুর রহমান পাটওয়ারীও একই কথা জানালেন।বিদ্যুৎচালিত সেচযন্ত্রে বিলের ওপর ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। সেচ ব্যবস্থাপকদের ভর্তুকি দেওয়ার কারণে এই সেচযন্ত্রের সুবিধাভোগী ৫০ হাজার কৃষককে ভর্তুকি দেওয়া হয়নি। সদুর চর গ্রামের কৃষক মো. ইউসুফ বলেন, ব্যবস্থাপক কমিশন পান। অথচ সেচের খরচ কম নেন না। তাই এতে কৃষকের লাভ হয়নি। ভর্তুকির কার্ড পেতেও ভোগান্তি: সম্প্রতি কার্ড দেওয়ার বিনিময়ে ১৫০ থেকে ২০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষক মো. সফি জানান, তাঁর ফরম ও ছবি তোলার জন্য ৫০ টাকা খরচ হয়েছে। ব্যাংক হিসাব খুলতে উপজেলা সদরে যেতে-আসতে ২০০ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, মেঘনা-তেঁতুলিয়া নদীর মধ্যে ৫০টি চর আছে। এখানকার কৃষকদের জন্য চরে গিয়ে হিসাব খোলার ব্যবস্থা থাকলে ভালো হতো।