কৃষি-সহায়তা কর্মসূচির উদ্বোধন
কৃষকের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষকের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আওয়ামী লীগ কৃষকবান্ধব দল। কৃষক সমাজ যাতে খেয়েপরে সুখে-শান্তিতে বাস করতে পারে, সে জন্য কৃষকদের মধ্যে সেচকাজে ডিজেল ক্রয়ের জন্য নগদ অর্থ ও কৃষি উপকরণ-সহায়তা কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের বালিকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে এক সভায় এসব কথা বলেন। সারা দেশে ‘কৃষকদের মাঝে সেচকাজে ডিজেল ক্রয়ে নগদ অর্থ-সহায়তা ও কৃষি উপকরণ-সহায়তা কার্ড বিতরণ’-এর উদ্বোধন উপলক্ষে কৃষি মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। সভায় প্রধানমন্ত্রী আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ২০ জন কৃষকের মধ্যে ডিজেল-ভর্তুকির চেক প্রদানের মধ্য দিয়ে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় সর্বমোট এক কোটি ৮২ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এর মধ্যে সেচকাজে ডিজেল ব্যবহারকারী প্রায় এক কোটি বোরোচাষিকে তাঁদের অ্যাকাউন্টের মাধ্যমে এ নগদ অর্থ দেওয়া হবে। এ জন্য কৃষকদের মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে। এ সুবিধার আওতায় মাঝারি ও বড় কৃষকেরা এক হাজার টাকা এবং প্রান্তিক চাষিরা ৮০০ টাকা পাবেন।শেখ হাসিনা বলেন, অতীতের সরকার কৃষকদের নানাভাবে নাজেহাল করেছে। সারের পেছনে তাঁদের দৌড়াতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার সারের দাম কমিয়ে তা সহজেই পাওয়ার ব্যবস্থা করেছে। বীজের উত্পাদন বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অধিক ফসল উত্পাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে তিনি কৃষক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে খাদ্যনিরাপত্তার আওতায় আনা হবে। এ বছর কৃষিঋণ খাতে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।শেখ হাসিনা বলেন, এ দেশে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই সাধারণ মানুষের বিশেষ করে কৃষক সমাজের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এ দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এলাকার মগড়া এবং সুতি সাইঢুলি নদী খননের ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এ ছাড়া তিনি এলাকার সড়ক যোগাযোগ-ব্যবস্থার উন্নয়নেরও আশ্বাস দেন।বিশেষ অতিথির ভাষণে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার ছিল কৃষকের আর্তনাদের সরকার, জনগণের আহাজারির সরকার, খাদ্যঘাটতির সরকার। এদের শাসনামল দুঃশাসনের ইতিহাসে ভরা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বলেছিল, সারের পেছনে কৃষককে ছুটতে হবে না, সারই ছুটবে কৃষকের পেছনে। এটা আজ সত্য।কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাঈদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী, জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি পিটার কেনবো, স্থানীয় কৃষক প্রতিনিধি আবদুল হান্নান প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে নেত্রকোনা জেলার সাংসদেরা এবং কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।