কৃষকের মুখে হাসি নেই
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী এসেছিলেন বাজারে বেগুন বিক্রি করতে। এক বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। বললেন, সার-কীটনাশকের দাম বাড়ায় এ দরে বেগুন বিক্রি করেও লাভ হচ্ছে না। ওই বাজারে সবজি বিক্রি করতে আসা কালীগঞ্জ উপজেলার চাষি কৃষ্ণপদ কবিরাজ জানান, তিনি আট শতক জমিতে বেগুনের চাষ করেছিলেন। এখন ২৮ টাকা দরে বেগুন বিক্রি করছেন। এ দামে বিক্রি করেও সন্তুষ্ট নন তিনি। বললেন, ‘আমার এলাকার খুচরা বাজারে ৪০ থেকে ৫০ টাকা দরে বেগুন বিক্রি হচ্ছে। তাহলে আমি কী পেলাম? আমরা তো লাভ পাচ্ছি না।’ রাজধানীর কাঁচাবাজারগুলোতে সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হলেও তাতে সবজিচাষিদের তেমন লাভ হচ্ছে না। বরং মুনাফা হাতিয়ে নেন একশ্রেণীর মধ্যস্বত্বভোগী। তাঁদের কারণে ধাপে ধাপে সবজির দাম বেড়ে যায়, আর ঠকেন ক্রেতারা।দেশের বিভিন্ন স্থানের সবজিচাষিদের সঙ্গে প্রথম আলোর প্রতিনিধিরা কথা বলে দেখেছেন, যে খরচে কৃষকেরা সবজি চাষ করেন, সে হিসেবে তাঁরা সবজির দাম পাচ্ছেন না। পাইকারেরা তাঁদের কাছ থেকে কম দামে সবজি কিনছেন। অনেক ক্ষেত্রে চাষিরা পাইকারদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ায় কম দামে তাঁদের কাছে বিক্রি করতেও বাধ্য থাকেন।দেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ সবজি বাজার ঝিনাইদহের বারোবাজারে বেগুন বিক্রি করতে আসা আশরাফ আলী জানান, এক মণ বেগুন নিয়ে এসে ৩০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি বলেন, ‘সার-কীটনাশকের দাম বেড়েছে। শ্রমিকদের মজুরিও দিতে হয় বেশি। কিন্তু যে দামে বেগুন বিক্রি করলাম, তা দিয়ে পোষায় না।’ তাঁর মতে, উৎপাদিত সবজির সঠিক মূল্য পাচ্ছেন না চাষিরা। গাজীপুরের কালিয়াকৈরে চাষিদের অনেকে সরাসরি খেত থেকেই পাইকারদের কাছে সবজি বিক্রি করেন। বেশির ভাগ চাষিই অল্প লাভে সবজি বিক্রি করে দেন। অনেক চাষি আবার পাইকারদের কাছ থেকে অগ্রিম টাকা নেন। তাই কম দামে হলেও তাঁদের কাছে সবজি বিক্রি করতে বাধ্য থাকেন। একই পরিস্থিতি বগুড়ায়ও। এখানে বেশি দাম দিয়ে ক্রেতারা সবজি কিনলেও চাষিরা দাম পাচ্ছেন কম।নরসিংদী জেলার যোশর, শিবপুর, জঙ্গলী শিবপুর, বারৈচা, নারায়ণপুর, সৃষ্টিগড় কোন্দারপাড়া সবজির হাট ঘুরেও চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে দেখা গেছে। রায়পুরার সবজিচাষি নান্নু মিয়া বলেন, ‘হাট বসার আগেই পাইকারেরা এলাকার দালালগো লগে মিলমিশ কইরা দাম ঠিক করে। সেই দামে পাইকারেরা সবজি কেনে। সিন্ডিকেটের কারণে বেশি দামে বিক্রি করতে না পাইরা অনেকেই অল্প লাভে, কখনো লোকসান দিয়েও সবজি বিক্রি করে।’বেলাব উপজেলার আয়েত আলী বলেন, ‘এবার অতিবৃষ্টির কারণে ফলন বেশি ভালা হয় নাই, তারপর আবার সার ও কীটনাশকের দামও বেশি। বাজারেও দাম ঠিকমতো পাই না। বেগুন বিক্রি করছি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা মণ দরে। এভাবে লোকসানে তরকারি বিক্রি করতে অইলে পুঞ্জি সব লাটে উডবো।’যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, সিন্ডিকেটের কারণে দরিদ্র চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। এই অবস্থা ভাঙতে না পারলে চাষিরা সবজি চাষে মুখ ফিরিয়ে নেবেন।