ময়মনসিংহের ত্রিশাল হয়ে টাঙ্গাইলের ভেতর দিয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত শুধুই সবুজের সমারোহ। সিরাজগঞ্জ হয়ে বগুড়া দিয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও যেতে চোখে পড়ে আমন ধান রোপণের বিশাল কর্মযজ্ঞ। মাঠে দাঁড়ানো সবুজ পাট দেখলে চোখ জুড়িয়ে যায়।মাঠে সবুজের আবহ থাকলেও কৃষকের মুখে হাসি নেই। কালো মেঘ যেন ভর করেছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা বা যশোরের কৃষকের চোখে-মুখে। কারণ, এ বছর কোনো ফসলেরই ভালো দাম পাননি কৃষক। অনেক স্থানে পাট কাটা শুরু হয়েছে। কিন্তু দাম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। যেকোনো জিনিস কিনতে গেলে দাম বেশি কিন্তু উৎপাদিত পণ্য বেচতে গেলে দাম কম।দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচ জেলার কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যায্যমূল্য না পাওয়ার বেদনার শুরুটা বোরো দিয়ে। তারপর একে একে পাট, ভুট্টা, আলু, সবজি, গম। সব ফসলেরই দাম কম। কোনোটার উৎপাদন খরচই ওঠেনি। মৌসুম শেষে আলুতে কিছুটা লাভের দেখা মিললেও তা-ও গেছে হিমাগার মালিক ও ফড়িয়াদের পকেটে। একদিকে উৎপাদিত পণ্যের দাম না পাওয়া আর অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় গ্রামের মানুষ কষ্টে আছে।গ্রামের নিম্ন আয়ের চাকরিজীবী, পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা কৃষকদের মতোই। চালের দাম গত এক বছরে স্থিতিশীল থাকলেও অন্যান্য ভোগ্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর ফলে স্বল্প আয়ের মানুষ ভালো নেই।তবে কৃষি মজুরি গত এক বছরে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দৈনিক ৩০০ টাকার নিচে কৃষি মজুর পাওয়া কঠিন। সঙ্গে যোগ হয়েছে জ্বালানি তেল, সার, কীটনাশকের মূল্যবৃদ্ধি। এসব মিলিয়ে কৃষক বিপাকে।২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, গ্রামের ৪৬ দশমিক ৪ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। প্রায় ৩০ শতাংশ পরিবার শুধু কৃষির আয়ের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। ধান, আলু, পাট, সবজি, ভুট্টা, গম ও রবিশস্য হচ্ছে এখানকার প্রধান কৃষিপণ্য। উৎপাদন খরচের সরকারি হিসাব ধরলেও এ বছর কোনো কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাননি কৃষক।সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ধানের উৎপাদন খরচ ও কৃষক পর্যায়ে দামের ওপর একটি গবেষণা চালিয়েছে। এতে দেখা গেছে, গত বোরো মৌসুমে ধানের উৎপাদন খরচ এর আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে ধান বিক্রি করতে গিয়ে কৃষকের প্রতি মণে ১৫০ টাকা লোকসান হয়েছে।সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ধারাবাহিকভাবে কৃষক যদি সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে থাকেন, তাহলে তা সামগ্রিক অর্থনীতির জন্য নেতিবাচক প্রবণতা তৈরি করবে। এটা টেকসই কৃষি গড়ে ওঠার জন্য ক্ষতিকারক। তিনি খাদ্য নিরাপত্তা ও শিল্পের সহায়ক হিসেবে কৃষি উৎপাদনকে গড়ে তুলতে কৃষিপণ্যের মূল্য-বিষয়ক জাতীয় কমিশন গঠনের পরামর্শ দেন। গরু বেচে আমন: গত সোমবার ঠাকুরগাঁও সদরের বৈকণ্ঠপুর গ্রামের কৃষক শাহেরুল ইসলামের সঙ্গে কথা হয়। পরিশ্রমী ও উদ্যমী এই তরুণ সারা বছর প্রায় সব ধরনের ফসলের চাষ করে থাকেন। গত দুই বছরে ফসল বেচে এক একর জমি, একটি পাওয়ার টিলার ও চারটি গরুও কিনেছিলেন। এবার আমন চাষের খরচ জোগাতে দুটি গরু লোকসান দিয়ে বেচতে হয়েছে তাঁকে।কেন গরু বিক্রি করতে হলো, জানতে চাইলে এই তরুণের চোখে হতাশার ছায়া পড়ে। বলতে থাকেন, ‘লাভের আশায় বেশি দাম দিয়ে জ্বালানি তেল, সার, কীটনাশক কিনে বোরো চাষ করেছিলাম। প্রতি মণ বোরোতে প্রায় ৬০০ টাকা খরচ পড়েছে। বিক্রি করেছি ৩৫০ থেকে ৪০০ টাকা। আগের বছরগুলোতে প্রতি মণ পাটের দর গেছে এক হাজার ৩০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত।’শাহেরুল জানান, ‘এবার দাম এক হাজারের বেশি পাইনি। এরপর ভাবলাম অন্তত ভুট্টায় দাম পাব। জমি থেকে ভুট্টা তুলে বাজারে নিয়ে দেখি প্রতি বস্তা (দুই মণ) ভুট্টা ৫৭০ থেকে ৬৫০ টাকা। গত বছর এক মণ ভুট্টা ৬০০ টাকায় বিক্রি হয়েছে। গমের দাম কিছুটা ভালো হলেও গত বছরের তুলনায় কম। গত বছর এক মণ গম ৯০০ টাকায় বিক্রি হয়েছে। এবার গমের দাম ৭০০ টাকার বেশি ওঠেনি।’কৃষকের মতো একই সুরে কথা বললেন ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা গ্রামের একটি ছোট চালকলের মালিক মতিয়ার রহমান। সাগেরনা বাজারে বসে কথা হয় তাঁর সঙ্গে। হাট থেকে প্রতি মণ ধান ৫৫০ টাকায় কিনছেন জানিয়ে তিনি বলেন, তবে ধানের বেশির ভাগই এখন ফড়িয়াদের হাতে চলে গেছে। কৃষক ওই ধান ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছে। সরকার ধান-চাল সংগ্রহের জন্য চার মাস সময় বেঁধে দেওয়ায় চালকল মালিকেরা অল্প অল্প করে ধান কিনছে। গতবার যে ধান ৬০০ থেকে ৭৫০ টাকায় কিনতে হয়েছে, সেই ধানের দর এবার ৫৫০ টাকার বেশি উঠছে না বলে জানান তিনি।মধ্যবিত্তের দিন যায়, রাত পোহায়!: মধ্যবিত্তের অবস্থা হচ্ছে ‘দিন যায়, আর রাত পোহায়। কষ্টের কথা বলাও যায় না, সওয়াও যায় না।’ ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশাইগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুস সোবহান এ কথা বলতে বলতে উদাস হয়ে গেলেন। অসহায় ভঙ্গি নিয়ে চারপাশে তাকালেন। তাঁর কথা কেউ শুনছেন কি না, বোঝার চেষ্টা করলেন।শিক্ষক সোবহান মাসে বেতন পান ১৫ হাজার টাকা। তিন হাজার টাকা প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য খাতে কেটে নেওয়া হয়। হাতে আসে সর্বসাকল্যে ১২ হাজার টাকা। তিন বছর ধরে এই বেতনেই তাঁকে সংসার চালাতে হয়। ২০০৯ সালে যখন বেতন আট হাজার থেকে ১৫ হাজার টাকা হলো, তখন পরিবারে খুশির ধুম পড়েছিল। এ কথা বলতে গিয়ে সোবহানের চোখ চকচক করে ওঠে। পরক্ষণেই চোখের আলো নিভে যায়। বলতে থাকেন, এক বছর ধরে ঋণ করে, সঞ্চয় ভেঙে চলতে হচ্ছে। অনেক পারিবারিক ও সামাজিক খরচ কমাতে হয়েছে।চালের দাম তো তিন বছরে বাড়েনি, একই আছে। এ কথা বললে আবদুস সোবহান আক্রমণাত্মক হয়ে ওঠেন। বলেন, ‘আমরা কি শুধু চাল খাই। তিন বছরে প্রতি লিটার সয়াবিন তেল ৯৫ টাকা থেকে বেড়ে ১২০-১৩০ টাকা হয়েছে। সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রাজধানীতে যত পাঙাশ আর রুই মাছ বিক্রি হয়, তার বেশির ভাগই সরবরাহ হয় ভালুকার মাছের খামারগুলো থেকে। আর এখানে প্রতি কেজি পাঙাশ ১২০ টাকার কমে পাওয়া যায় না। তিন বছর আগেও একই পাঙাশ ৪০-৫০ টাকা কেজি দরে পাওয়া যেত। ৬০ টাকা কেজির রুই বেড়ে হয়েছে ১৮০ টাকা। কিন্তু বেতন তো আর বাড়েনি।’ সোবহান আরও বলেন, রিকশা আর সিএনজি ভাড়া তিন বছরে তিন গুণ বেড়েছে। একটা বোন থাকে টঙ্গীতে। আগে তার বাসায় বাসে ৩০ টাকা হলে যাওয়া যেত। এখন ভাড়া ৮০ টাকা। সঙ্গে হাতে করে কিছু নিতে হয়। ফলমূল-বিস্কুট সবকিছুরই দাম দেড় থেকে দুই গুণ বেড়েছে। একবার গেলে ৫০০ টাকা বেরিয়ে যায়। তাই বোনের বাসায় ছয় মাসেও যাওয়া হয় না।প্রবীণ এই শিক্ষক বলতে থাকেন, ‘সামনে রমজান মাস। এমন কোনো ঈদ নাই, তিন বোনরে কাপড় দেই নাই। তিনটা জনি প্রিন্টের শাড়ি হইলেও দিছি। তিন বছরে আড়াই শ টাকার শাড়ি ৫০০ টাকা হইছে। ছেলেমেয়ে আর বউরে ঈদের কাপড় দেওয়ার পর হিসাব করে দেখি, বোনদের শাড়ি দেওয়ার বাজেট নাই।’ এসব কথা বলতে গিয়ে শিক্ষক সোবহানের চোখ ছলছল করে ওঠে। বলে ওঠেন, ‘ঈদের সময় যত এগিয়ে আসছে, মনটা ততই খারাপ হচ্ছে।’খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক সংকট গরিব মানুষের জীবনের ওপর কী প্রভাব ফেলছে, তা নিয়ে গবেষণা করছে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস (আইডিএস) এবং ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই)। এতে দেখা যায়, একটি পরিবার ২০০৯ সালে মাসের কাঁচাবাজারের জন্য ১৩৫ টাকা ব্যয় করত। ২০১০-এ এসে ১৮৫ টাকা এবং ২০১১-তে তা বেড়ে হয়েছে ২৮০ টাকা। ২০০৯ থেকে শুরু হওয়া পাঁচ বছরের এই চলমান গবেষণার চলতি বছরের প্রাথমিক ফলাফলে মাসিক কাঁচাবাজারের বাজেট ৩০০ টাকা অতিক্রম করেছে।আইডিএসের রিসার্চ ফেলো ড. নাওমি হোসেইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ফেরদৌস জাহানের তত্ত্বাবধানে পরিচালিত ওই গবেষণায় আরও দেখা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দরিদ্র পরিবারগুলো সামাজিক অনুষ্ঠানে যাওয়া, চিকিৎসা বাবদ খরচ ও পোশাক কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। এতে তাদের জীবনযাত্রার মান আরও কমেছে, কষ্ট বেড়েছে।