কৃষি ও ক্ষুদ্র বিমা নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কৃষি ও ক্ষুদ্র বিমার উন্নয়নে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। ১০ ও ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হবে।সেমিনারে আফ্রিকা ও এশিয়ার ২২টি দেশের ২৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার ভবনে বিআইএর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন বিআইএর সভাপতি শেখ কবির হোসেন। কবির হোসেন জানান, এটি বাংলাদেশে বিমা বিষয়ে প্রথম আন্তর্জাতিক সেমিনার। এই সেমিনারে বিভিন্ন দেশের ক্ষুদ্র বিমা ও ক্ষুদ্র স্বাস্থ্যবিমার মডেল নিয়ে আলোচনা করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের সেমিনারে ২৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে কৃষিবিষয়ক ছয়টি, ক্ষুদ্র বিমার ওপর ১০টি, তাকাফুলের ওপর তিনটি ও ক্ষুদ্র স্বাস্থ্যবিমার ওপর তিনটি প্রবন্ধ থাকবে। প্রবন্ধগুলোর ওপর আলোচনা শেষে একটি সারাংশ তৈরি করে তা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।