কৃষি ও খাদ্যে সহায়তা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক যুগ দেশের দারিদ্র্য নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল ঐতিহ্যগতভাবে মঙ্গাপ্রবণ এলাকা বা দেশের উত্তরাঞ্চল। বেসরকারি সংস্থাগুলো (এনজিও) তাদের উন্নয়ন কর্মকাণ্ডের বড় অংশ উত্তরাঞ্চলে বাস্তবায়ন করত। আর সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি কেন্দ্রীভূত ছিল সিলেট ও ঢাকা বিভাগে। ২০০৮ সাল থেকে এই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। উন্নয়ন-সহযোগীরা তাদের দৃষ্টি উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের দিকে সরিয়ে নিচ্ছে। এই দুটি বিভাগে তারা খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। এদিকে সরকারও আঞ্চলিক বৈষম্য দূর করার লক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড বিস্তৃত করার পরিকল্পনা করছে। দারিদ্র্য বেশি থাকার পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি দক্ষিণ ও পশ্চিমের উপকূলীয় জেলাগুলোরই বেশি হবে বলে মনে করা হয়।বাংলাদেশের প্রধান দুই উন্নয়ন-সহযোগী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কৃষি ও খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে প্রকল্পগুলো নিচ্ছে, তার বড় অংশ খুলনা ও বরিশালে বাস্তবায়ন করছে। গত দুই বছরে দেশ দুটি বাংলাদেশে খাদ্যনিরাপত্তা খাতে সহায়তা প্রায় দ্বিগুণ করেছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কর্মসূচি নিয়ে যাওয়ার কারণ হিসেবে উন্নয়ন-সহযোগীরা দেশের আঞ্চলিক বৈষম্যের কথা উল্লেখ করেছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের মতে, আঞ্চলিক বৈষম্যের বিষয়টিকে মাথায় রেখে দারিদ্র্য বিমোচনে কর্মসূচি নিতে হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আঞ্চলিক ভারসাম্য আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।আঞ্চলিক বৈষম্যের চিত্র: ২০০৮ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে বৈষম্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দারিদ্র্য পরিস্থিতির উন্নতি হলেও খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ পিছিয়ে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় সমীক্ষা-২০০৫ অনুযায়ী, বরিশাল ও খুলনা বিভাগে দারিদ্র্যের হার যথাক্রমে ৫২ এবং ৪৫ দশমিক ৭ শতাংশ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এর হার ৩২, ৩৩ দশমিক ৮ এবং ৩৪ শতাংশ। তবে সব বিভাগে দারিদ্র্য কিছু না কিছু কমলেও একমাত্র খুলনা বিভাগে তা ৬ শতাংশ বেড়েছে। ২০০০-০৫ সালের মধ্যে বরিশালে দারিদ্র্যের হার সামান্য হলেও (১ দশমিক ১ শতাংশ) কমেছে। একই সময়ে ঢাকায় দারিদ্র্যের হার কমেছে ১৪ দশমিক ৭ শতাংশ। চট্টগ্রামে এ হার ১১ দশমিক ৭ এবং সিলেটে ৮ দশমিক ৬ শতাংশ। ২০০৯ সালের নভেম্বরে পরিকল্পনা মন্ত্রণালয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের ওপর একটি পরিকল্পনা তৈরি করেছে। এতে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের উন্নয়নে ভারসাম্য আনতে হলে সাড়ে ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ও গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের মতে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এমনিতেই খাদ্য ঘাটতির মধ্যে রয়েছে। দুর্যোগপ্রবণতা বেড়ে যাওয়ায় এ অঞ্চলের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাই শুধু উন্নয়ন-সহযোগী নয়, সরকারি সংস্থাগুলোকেও এই অঞ্চলের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সেভ দ্য চিলড্রেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা একটি সমীক্ষা চালিয়ে দেখতে পায়, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে আইলার পর খুলনা ও সাতক্ষীরা জেলার মানুষের আয় ৩৭ শতাংশ কমে যায়। বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিবেদনে বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে এ আঞ্চলিক ব্যবধান উঠে এসেছে।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভূমিকা: কয়েক বছর ধরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহায়তা বাড়ছে। ২০১১ সালে এর পরিমাণ ২০ কোটি ডলার ছাড়াবে বলে সংস্থাটির গণসংযোগ বিভাগ জানিয়েছে। দুই বছর ধরে ইউএসএআইডির সহযোগিতার বড় অংশ দেওয়া হচ্ছে খাদ্যনিরাপত্তা, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়। ২০১০ সালে খাদ্যনিরাপত্তা বাবদ পাঁচ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়। আগামী দুই বছরের মধ্যে খাদ্যনিরাপত্তা বাবদ বরাদ্দ তিন গুণ হবে বলে সংস্থাটি জানিয়েছে। চলতি বছর থেকে শুরু হওয়া নতুন খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় পাঁচ বছরের জন্য তিনটি নতুন প্রকল্প শুরু হয়েছে। এর অন্যতম বাস্তবায়ন এলাকা খুলনা ও বরিশাল। ২২০ মিলিয়ন ডলারের একটি নতুন খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় কেয়ার ‘সৌহার্দ্য-২’, সেভ দ্য চিলড্রেন (ইউএসএ) ‘নবজীবন’ কর্মসূচি এবং এসিডি/ভোকা’ ও ‘প্রসার’ নামের তিনটি কর্মসূচি শুরু করেছে। নবজীবন কর্মসূচিটি বরিশাল বিভাগের নয়টি উপজেলায় ও ‘প্রসার’ খুলনা বিভাগের তিনটি উপজেলায় বাস্তবায়ন শুরু হয়েছে। ইউএসএআইডি-বাংলাদেশের মিশনপ্রধান ডেনিস রোলিনস এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের খাদ্যনিরাপত্তায় যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়াবে। খুলনা ও বরিশাল বিভাগ পিছিয়ে থাকায় এই অঞ্চলে বেশি কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। অন্যদিকে যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থা ডিএফআইডি গত চার বছরে বাংলাদেশে তাদের উন্নয়ন সহযোগিতার পরিমাণ প্রায় ৭৫ শতাংশ বাড়িয়েছে। ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১০-১১ অর্থবছরে ডিএফআইডি তাদের বরাদ্দের পরিমাণ ১০ কোটি পাউন্ড থেকে বাড়িয়ে ১৫ কোটি পাউন্ড করেছে বলে সংস্থাটি সূত্রে জানা গেছে। দুই বছর ধরে দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডিএফআইডির বরাদ্দ বাড়ানো হয়েছে। এই সংস্থাটিরও মনোযোগের এলাকা উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে সরে গেছে। ডিএফআইডি চরবাসী ও অতিদরিদ্রদের জন্য দুটি বড় প্রকল্প সিএলপি ও টিইউপির প্রথম পর্যায় উত্তরাঞ্চলে চালালেও ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে এর দ্বিতীয় পর্যায়ের বড় অংশ বাস্তবায়িত হবে খুলনা ও বরিশাল বিভাগে। ডিএফআইডির বাংলাদেশ প্রতিনিধি ক্রিস অস্টিন প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্য সরকার আগামী পাঁচ বছরে বাংলাদেশে যে উন্নয়ন প্রকল্পগুলো নিচ্ছে, তাতে খাদ্যনিরাপত্তাহীনতায় ভোগা ৩০ লাখ মানুষ সহায়তা পাবে। দারিদ্র্য বিমোচনের জন্য তাদের গরু ও অন্যান্য উপকরণ সহায়তা দেওয়া হবে। (শেষ)